“দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন”, বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে আজ, শুক্রবার পুরসভার আইনজীবীর উদ্দেশে এমনটাই বললেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি মুখেও এবার উত্তরপ্রদেশ সরকারের ‘বুলডোজার-নীতি’। বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় মানিকতলা থানাকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
কী মামলায় ওঠে এদিন আদালতে?
মানিকতলা থানা এলাকার বেআইনি নির্মাণের প্রতিবাদে আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক মহিলা। এদিন শুনানির সময় মামলাকারীর আইনজীবী বলেন, বেআইনি নির্মাণে বাধা দেওয়ার পর তাঁর মক্কেল নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাড়ি থেকে বের হতেও পারছেন না। এই বিষয় শোনা মাত্রই বেশ চটে যান বিচারপতি গঙ্গোপাধ্যায়।
কী পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের?
বেআইনি নির্মাণ সংক্রান্ত এই মামলার বিচারপতির পর্যবেক্ষণ, এরকম একটি দুটি মামলা নয়, এরকম আকছার হচ্ছে। তখনই শুনানিতে উপস্থিত পুরসভার আইনজীবীকে বিচারপতি বলেন, “প্রয়োজন পড়লে বুলডোজার বেআইনি নির্মাণের ওপর চালিয়ে দিন। প্রয়োজনে যোগী আদিত্যনাথের কাছ থেকে বুলডোজার ভাড়া করে নিয়ে আসুন”।
এদিনের শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার প্রশংসা করেন। তাঁর মন্তব্য, “কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকেরা জানেন, কী ভাবে গুন্ডাদের শায়েস্তা করতে হয়। কোনও গুণ্ডামি বরদাস্ত করব না”।
বিচারপতির আরও পর্যবেক্ষণ, পুলিশ ও পুরসভার সদিচ্ছা থাকলেও তাঁরা অনেক সময়ে কাজ করতে পারেন না। কারণ তাদের অন্য বাহ্যিক চাপের মুখে কাজ করতে হয়।
উল্লেখ্য, মামলার শুনানিতে নানান সময় নিজেদের পর্য়বেক্ষণ সামনে আনেন বিচারপতিরা। অতীতে নানান ক্ষেত্রে নিজের পর্যবেক্ষণও জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে এদিন তাঁর মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং বুলডোজার শব্দটি যে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা জানাচ্ছেন আইনজীবীদের একাংশই।






