চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই ২৯.৬ শতাংশ আয় বৃদ্ধি পেল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের

ভারতের অন্যতম জনপ্রিয় গয়না প্রস্তুতকারক সংস্থা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর বিষয়ে আলাদা করে বলার কিছু নেই। বছরের পর বছর ধরে মানুষের নানান ধরণের চাহিদা মিটিয়ে আসতে সক্ষম হয়েছেন তারা। নিখুঁত গয়নার কারিগরির জেরে দেশের অন্যতম গয়না প্রস্তুতকারক সংস্থার খ্যাতি অর্জন করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।

আর এই কারণেই এবার দারুণ সুখবর পেল এই সংস্থা। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই দারুণ মুনাফা করল এই সংস্থা। প্রথম ত্রৈমাসিকেই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আয়ের পরিমাণ বৃদ্ধি পেল ২৯.৬ শতাংশ। গতকাল, সোমবার সংস্থার বোর্ডের সদস্যদের একটি বৈঠকে এমনটাই জানানো হয়েছে।

জানা গিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আয় বৃদ্ধি পেয়েছে ২৯.৬ শতাংশ। হিসাব কষে দেখলে, প্রথম ত্রৈমাসিকে সংস্থার আয়ের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১,৩০৫.৪০ কোটিতে যা গত অর্থবর্ষে ছিল ১০০৭.২৪ কোটি। অন্যদিকে আবার প্যাট মার্জিনও ২.২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২.১ শতাংশে।

কী জানালেন সংস্থার কর্ণধার? 

এই বিষয়ে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শুভঙ্কর সেন বলেন, “সদ্য সমাপ্ত হওয়া প্রথম ত্রৈমাসিকে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আয়ের পরিমাণ ছুঁয়েছে ১,৩০৫ কোটি যা এখনও পর্যন্ত সর্বাধিক। আমাদের নানান শোরুম ও বাজারেও অনবরত বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। উত্তর ভারতের পাশাপাশি পূর্ব ভারতেও আমাদের ব্যবসা ক্রমেই শক্তিশালী হচ্ছে। এই ২৯ শতাংশ আয় বৃদ্ধির জন্য আমাদের টিম অনেক কষ্টসাধন করেছে। একদিকে যেমন হীরের গয়না বিক্রি ৫০ শতাংশ বেড়েছে, তেমনই আবার আয়তনের দিকে থেকে পর্যালোচনাক্রমে বৃদ্ধি ঘটেছে ৩৪ শতাংশ। বছরের স্টাড রেশিও ৯.৩ শতাংশ থেকে বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশে আর কিছু কিছু মার্কেটের রেঞ্জ বেড়েছে ১৫-২০ শতাংশ”।

তিনি আরও বলেন, “এই বছরের প্রথম ত্রৈমাসিকেই আমরা আরও ৬টি নতুন শোরুম উদ্বোধন করতে পেরেছি। বর্তমানে গোটা দেশে ১৪২টি শোরুম রয়েছে আমাদের যার মধ্যে ৮০টি সংস্থার নিজস্ব ও বাকিগুলি ফ্র্যাঞ্চাইজি। নতুন এই শোরুমগুলি খোলা হয়েছে দিল্লিতে ১টি, মধ্যপ্রদেশে ২টি, সিকিমে ১টি, বিহারে ১টি, তেলেঙ্গানাতে ১টি”।

RELATED Articles