একটাই দোষ করেছিলেন ডেলিভারি বয়। রাস্তায় দেখতে পেয়ে তার থেকে একটি ঠিকানা জানতে চেয়েছিলেন তিনি। আর তাতেই রেগে যান মহিলা। ছুরি বাগিয়ে তেড়ে আসেন ডেলিভারি বয়ের দিকে তাও আবার তিন তিনবার। পুলিশও নিরস্ত্র করতে পারে নি মহিলাকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মহিলার কীর্তি।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
গত শুক্রবার দিল্লির দ্বারকার সেক্টর ২৩ এলাকায় ঘটেছে এই ঘটনাটি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, স্কুটিতে বসে থাকা ওই ডেলিভারি বয় একটি ঠিকানা জিজ্ঞেস করতেই পিছন ঘুরে মহিলা একটি ছুরি নিয়ে তেড়ে যান তাঁর দিকে। শুধু তাই-ই নয়, সেই ছুরি বসিয়ে দেন ওই ডেলিভারি বয়ের গলায়। ওই যুবকের স্কুটির চাবি খুলে নিয়ে একটি ঝোপে ছুড়ে ফেলে দেন মহিলা। তারপর যুবক স্কুটি থেকে নেমে আসতেই সেটি ঠেলে রাস্তার উপর ফেলে দেন তিনি।
আকস্মিক এই ঘটনায় লোকজন জড়ো হয়ে যায় সেখানে। ডেলিভারি বয়টি যখন আশেপাশের লোকজনদের এই ঘটনার কথা বলার চেষ্টা করেন, সেই সময় ওই মহিলা ছুরি দিয়ে ওই ডেলিভারি বয়ের স্কুটির টায়ার কাটার চেষ্টা করেন। এমনকি, সেখানে উপস্থিত জনতার দিকেও ছুরি তাক করে তেড়ে যেতে দেখা যায় মহিলাকে।
কী জানাল পুলিশ?
পুলিশ সূত্রে খবর, ওই মহিলা স্থানীয় লোকজনকে ছুরি দিয়ে দীর্ঘক্ষণ ধরে ভয় দেখাতে থাকেন। এমনকি পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার পরেও এই কাণ্ড চলছিল। তাঁর হাত থেকে ছুরিটি কেড়ে নেওয়া হয়। কিন্তু তারপরই আবার একটি লাঠি কুড়িয়ে নিয়ে তা দিয়ে সকলকে ভয় দেখানোর চেষ্টা করেন মহিলা। এমনকি, তাঁকে গ্রেফতার করতে যাওয়ার সময় এক মহিলা পুলিশকর্মীর চুল ধরে টানতে টানতে তাঁকে আঁচড়ে দিতে শুরু করেন অভিযুক্ত মহিলা। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টার পর গ্রেফতার করা হয় ওই মহিলাকে।
স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, ওই এলাকারই একটি ফ্ল্যাটে থাকেন ওই মহিলা। আবাসনের অন্যান্যদের সঙ্গেও প্রায়ই দুর্ব্যবহার করেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে কখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশ সূত্রে খবর, ওই ডেলিভারি বয়কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানিয়েছেন, তাঁকে তিনবার ছুরি দিয়ে আক্রমণ করেন ওই মহিলা। এমনকি, ইট দিয়ে তাঁর স্কুটিও ভেঙে দেন বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই মহিলাকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে অন্যের নিরাপত্তা বিঘ্নিত করা ও পুলিশকে আক্রমণ করার অভিযোগ দায়ের করা হয়েছে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!