কবে বদল আসবে আবহাওয়ায়? পুজোর আগে কী কাটবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস

আর মাত্র দু’সপ্তাহ বাকি। এরপরই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। কিন্তু পুজোর আনন্দে জল পড়বে না তো? কারণ আকাশের যে মুখভার। কোথাও টানা তো কোথাও আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েই চলেছে গত কয়েকদিন ধরে। এর জেরে জেলায় জেলায় বন্যার পরিস্থিতির আশঙ্কা। কবে কাটবে এই দুর্যোগ?

কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?

পুজোর আগে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। জানা গিয়েছে, ধীরে ধীরে বাংলাদেশের দিকে সরছে নিম্নচাপ। বর্তমানে এটি অবস্থান করছে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই নিম্নচাপ যাবে বাংলাদেশের দিকে। আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশে ঢুকে শক্তি ক্ষয় করবে। এরপরই নিম্নচাপের প্রভাব সম্পূর্ণ কেটে যাবে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আগামীকাল, শনিবার থেকেই বঙ্গের আকাশে দেখা মিলবে ঝাঁ চকচকে রোদের। শারদের আকাশ উপভোগ করবে বঙ্গবাসী। তবে নিম্নচাপের জেরে আজ, শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে বেলা বাড়লে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সূর্যের দেখা মিলবে বলে জানা গিয়েছে।  

কলকাতায় শুক্রবার থেকেই কমবে বৃষ্টির পরিমাণ। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকেই বাড়বে তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৫ শতাংশ।  

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, শুক্রবারও উত্তরবঙ্গের জেলা বিশেষত কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই ওপরের দিকের পাঁচ জেলায় হালকা ও মাঝারি বৃষ্টি হবে।

আর কোথায় কোথায় চলবে বৃষ্টি?

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হবে।   অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার নতুন করে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে বলে জানা গিয়েছে।

RELATED Articles