শুধু মমতা নন, এবার দুর্গাপুজোর উদ্যোক্তাদের অনুদান দিচ্ছে বিজেপিও, কমিটিগুলিকে দেওয়া হচ্ছে ১ লক্ষ টাকা

রাজ্যের নানান দুর্গাপুজো কমিটিগুলিকে প্রতি বছরই অনুদান দেয় রাজ্য সরকার। বেশ কয়েক বছর ধরেই চলে আসছে এই রীতি। এবছরও এর ব্যতিক্রম হয়নি। প্রত্যেক ক্লাবকে ৭০ হাজার তাঁকে করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার আর পিছিয়ে নেই বিজেপিও। পুজোর উদ্যোক্তাদের এবার অনুদান দিচ্ছে গেরুয়া শিবিরও।

জানা গিয়েছে, পুজো করতে চেয়ে বঙ্গ বিজেপির কাছে প্রায় এক হাজারের মতো আবেদন জমা পড়েছে। সেই আবেদনের মধ্যে থেকে ৪২৫টি আবেদনকে বেছে নিয়েছে দল। সেই ৪২৫টি পুজো কমিটিকেই অনুদান দেবে গেরুয়া শিবির। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়লেও বাড়তে পারে।

কত টাকা অনুদান দিচ্ছে বিজেপি?

বিজেপি সূত্রে খবর, কোনও পুজোর উদ্যোক্তাদের ৩০ হাজার, কাউকে আবার ৮০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। কোনও কোনও ক্লাবকে আবার ১ লক্ষ টাকা পর্যন্তও অনুদান দেবে বলে স্থির করে বিজেপি, এমনটাই জানা গিয়েছে।

কী জানাচ্ছেন গেরুয়া শিবির?

এই অনুদান দেওয়ার সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই বলেই দাবী বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের। তাঁর কথায়, “দুর্গাপুজোর সঙ্গে কোনও রাজনীতি নেই। বিজেপি বা বিজেপি-বিরোধী… এখানে আমরা পুজো নিয়ে কোনও রাজনীতি করিনি। কোনও পার্থক্যও চাই না”। তিনি এও বলেন, অনেক পুজো কমিটি রয়েছে, যেগুলি তুলনায় একটু দুর্বল। সেই পুজোগুলির দায়িত্ব নিয়েছেন দলীয় কর্মীরা।

কী প্রতিক্রিয়া তৃণমূলের?

এই বিষয়ে তৃণমূল নেতা সুজিত বসুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে অনেকে কিছু করার জন্য করেন, আবার অনেকে দেখানোর জন্য করেন। এটা মানুষের উপর ছেড়ে দিন, মানুষ বুঝে নেবে”।

প্রসঙ্গত, বছর গড়ালেই লোকসভা নির্বাচন। এমন আবহে তাই বাঙালির আবেগকে হাতিয়ার করতে চাইছে রাজনৈতিক দলগুলি। একদিকে যেমন রাজ্য সরকার পুজোর অনুদানের টাকা ৬০ হাজার থেকে ৭০ হাজার করেছে, অন্যদিকে তেমনই আবার এই অনুদানের মাধ্যমেই জনসংযোগ বাড়াতে চাইছে পদ্ম শিবির।

RELATED Articles