অর্ডার ছিল নিরামিষ খাবারের। কিন্তু পার্সেল খুলতেই দেখা গেল আমিষ খাবার পাঠানো হয়েছে। এই ভুলের জন্য এবার এক লক্ষ টাকা জরিমানা করা হল জোম্যাটো ও তাদের রেস্টুরেন্ট পার্টনার ম্যাক ডোনাল্ডসকে। যোধপুর জেলা কনজিউমার ডিসপুট রিড্রেসাল ফোরামের তরফে এই দুই সংস্থার বিরুদ্ধে এক লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
বর্তমানে এক ক্লিকেই আমাদের দুয়ারে চলে আসে খাবার। ঘরে বসেও রেস্তোরাঁর খাবার উপভোগ করতে এখন আর বেশি কসরত করতে হয় না। বাইরে গিয়ে খাবার কিনে আনার কোনও ঝুটঝামেলাই নেই। নিজেদের পছন্দের রেস্তোরাঁর খাবার অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমেই এখন পৌঁছে যায় আমাদের কাছে।
তেমনই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ হল জোম্যাটো। সঠিক সময় সঠিক খাবার হাতের সামনে পৌঁছে দিতে এই অ্যাপের জুড়ি মেলা ভার, কিন্তু এবার এই সংস্থার বিরুদ্ধেই উঠল গুরুতর অভিযোগ। সঙ্গে অভিযুক্ত তাদের রেস্টুরেন্ট পার্টনার ম্যাক ডোনাল্ডসও। নিরামিষের বদলে আমিষ খাবার ডেলিভারি করার অভিযোগ উঠেছে।
এমন ঘটনায় যোধপুর জেলা কনজিউমার ডিসপুট রিড্রেসাল ফোরাম জানাচ্ছে নিরামিষের বদলে আমিষ খাবার পাঠানোয় কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ২০১৯ লঙ্ঘন করা হয়েছে। আর সেই প্রেক্ষিতেই জোম্যাটো ও ম্যাকডোনাল্ডসকে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে ফোরামের তরফে। এমনকি, ভুক্তভোগী গ্রাহককেও ৫০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে ফোরাম। এই দুই সংস্থাকে যৌথভাবে জরিমানা ও গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
তবে জোম্যাটোর তরফে জানানো হয়েছে যে এই নির্দেশের বিরুদ্ধে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবে। সংস্থার কথা অনুযায়ী, নিরামিষ খাবারের বদলে আমিষ খাবার পাঠানোর মামলা এটি। এই মামলাটি ভুল ডেলিভারির সঙ্গে সম্পর্কিত। জোম্যাটো শুধুমাত্র খাবার ডেলিভারি করে। খাবারে যদি কোনও ঘাটতি থাকে, খাবারের মান খারাপ বা অর্ডারের গোলমালের জন্য সহযোগী রেস্টুরেন্ট দায়ী, তারা কোনওভাবেই এই দায় নেবে না।





