ফের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, হোস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তুমুল চাঞ্চল্য আইআইটি খড়গপুরে

ফের এক পড়ুয়ার রহস্য মৃত্যু। এই নিয়ে ফের নতুন করে ছড়াল চাঞ্চল্য। অস্বাভাবিক মৃত্যু আইআইটি খড়গপুরের পড়ুয়ার। ওই ছাত্র তেলেঙ্গানা থেকে আইআইটি খড়গপুরে পড়তে এসেছিল বলে খবর।

সূত্রের খবর, ওই পড়ুয়ার নাম কে কিরণ চন্দ্র। বাড়ি তেলেঙ্গানার মেড়াক জেলার তুপরান গ্রামে। মৃত পড়ুয়া আইআইটি খড়গপুরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র। আইআইটি ক্যাম্পাসের লালবাহাদুর শাস্ত্রী হলে থাকতেন ওই পড়ুয়া।

জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার রাত বারোটা নাগাদ ওই পড়ুয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হলের বাকি পড়ুয়ারা। হইচই পড়ে যায় ক্যাম্পাসে। সঙ্গে সঙ্গে ওই পড়ুয়াকে উদ্ধার করে ক্যাম্পাসের বি সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার পরও ওই পড়ুয়া বেঁচেছিলেন। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেন তাঁকে বাঁচানোর। কিন্তু শেষরক্ষা হয়নি। অনেক চেষ্টা সত্ত্বেও মৃত্যু হয় ওই পড়ুয়ার।

 জানা গিয়েছে, ওই ছাত্রের ভাইও আইআইটি খড়গপুরের পড়ুয়া। ভাইয়ের সামনেই মৃত্যু হয় পড়ুয়ার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ওই ছাত্র আ’ত্ম’হ’ত্যা করেছে। কিন্তু কারণ এখনও অস্পষ্ট।

উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর মাসে খড়্গপুর আইআইটিতেই অসমের বাসিন্দা ফাইজ়ান আহমেদ নামে এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়। হোস্টেলের একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সেই মৃত্যু নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়েছিল। সেই মামলা এখনও চলছে কলকাতা হাইকোর্টে।

RELATED Articles