‘মাথা কাটবেন, গলা কাটবেন, আমরা পাশে আছি নিশ্চিন্তে করুন’ নিদান দিলেন তৃণমূল নেতা, শুরু বিতর্ক

বছর গড়ালেই লোকসভা নির্বাচন। নানান রাজনৈতিক দলগুলিই নিজের মতো করে প্রস্তুতি শুরু করেছে। চলছে আক্রমণ, পাল্টা আক্রমণ। একে অপরকে শানাতে কোনও কসুর রাখছেন না কোনও রাজনৈতিক নেতাই। এবার কেষ্টর গড়ে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা সৈয়দ সিরাজ জিম্মি। আর তাঁর সেই মন্তব্যের জেরে বেশ বিতর্কের মুখে পড়েছেন তৃণমূল নেতা।

কী বলেছেন তৃণমূল নেতা?

গতকাল, বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটে এক সরকারি স্কুলে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রামপুরহাট -১ নম্বর ব্লকের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। সেখানেই বক্তব্য রাখার সময় দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেন তৃণমূল নেতা। বলেন, “আপনার বাঁচার অধিকার আছে। আপনার সন্তানদের রক্ষা করার অধিকার আপনার আছে। যদি কেউ মনে করে আপনাদের ওপর আক্রমণ করবে, আপনাদের ক্ষতি করবে, আপনাদের চোখ রাঙাবে, তাহলে সেলফ ডিফেন্স হিসেবে পা কাটবেন নাকি মাথা কাটবেন নাকি তার গলা কাটবেন, কিচ্ছু দেখবেন না। আমরা আছি আপনার পাশে নির্ভয়ে নিশ্চিন্তে এগিয়ে যাবেন”।

এরপরই তিনি বলেন, “আমরা ভোটে জয়ী হব। কোন বিরোধী শক্তি আপনাদের সামনে দাঁড়াতে পারবে না। শুধু নিজে জ্বলে উঠুন”।তাঁর এহেন মন্তব্য নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূল নেতাকে কটাক্ষ করেছেন বিরোধী নেতারা।

তৃণমূল নেতা কী ব্যাখ্যা দিলেন নিজের মন্তব্যের

সৈয়দ সিরাজ জিম্মির কথায়, তিনি যা বলেছেন সবটা ভেবেচিন্তেই বলেছেন। তাঁর কথায়, “ঢোঁড়া সাপ হলে সবাই মাড়িয়ে দিয়ে চলে যাবে। তাই কেউটে সাপ হতে হবে। নিজেকে বাঁচানোর জন্য, কেউচে সাপের তেজ রাখতে হবে বলে আমি মনে করি। তাই আমি আমার কর্মীদের এ কথা বলেছি”।

আরও অন্যান্য খবর