তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছবিতে এবার কালি। ছিঁড়ে দেওয়া হল একাধিক পোস্টারও। এমন ঘটনা ঘটেছে খোদ ক্যানিংয়েই অর্থাৎ যেখানকার বিধায়ক শওকত মোল্লা। এমন ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় আইএসএফ-কে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। তবে নওশাদ সিদ্দিকির দল এই অভিযোগ অস্বীকার করেছে।
কী ঘটেছে ঘটনাটি?
বাসন্তী হাইওয়ের বালিগাদা মোড়ে এমএলএ কাপের জন্য একটি গেট তৈরি করা হয়েছে। সেই গেটে লাগানো হয়েছিল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার পোস্টার। এই গেট তৈরি করেছিলেন এমএলএ কাপের উদ্যোক্তারাই। সেখানেই ঘটল বিপত্তি।
শুধুমাত্র ওই এলাকাই নয়, ভাঙড় ও ক্যানিং পূর্ব বিধানসভার নানান গুরুত্বপূর্ণ এলাকাতেই এমন গেট বসানো হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু অভিযোগ, বালিগাদা মোড়ে যে গেটটি বসানো হয়েছে, সেটির উপর রাতের অন্ধকারে কেউ বা কারা হামলা চালিয়েছে। তৃণমূল বিধায়কের ছবির উপর পোড়া মোবিল লেপে দেওয়া হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছে তৃণমূল।
কী দাবী তৃণমূলের?
এমন ঘটনায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির দল আইএসএফের দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। ওই এলাকার তৃণমূল নেতা আইছান মোল্লা বলেন, “পুলিশকে জানিয়েছি। পুলিশ না পারলে আমরা ব্যবস্থা করে দেব”।
এই ঘটনা নিয়ে শওকত মোল্লা বলেন, “যারা আজ কালি ছিটিয়েছে, আগামীদিন ভাঙড়ের মানুষ তাঁদের মুখে ঝাঁমা ঘষে দেবে”।
অভিযোগ অস্বীকার আইএসফের
তবে তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে আইএসএফের তরফে। এই বিষয়ে আইএসএফ নেতা রাইনুর হক বলেন, “এই সংস্কৃতি আমাদের নয়। যে বা যারা করেছে পুলিশ তদন্তে করে তাঁদের সাজা দিক”।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার