ফের একবার রেল দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস। গতকাল, রবিবার রাত দেড়টা নাগাদ একটি বালি বোঝাই লরির সঙ্গে সংঘর্ষ হয় কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেসের। তবে চালকের তৎপরতায় বড়সড় কোনও দুর্ঘটনার কবল থেকে রক্ষা মিলেছে।
কীভাবে হল এই দুর্ঘটনা?
রেল সূত্রে খবর, গতকাল, রবিবার আপ রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা থেকে ছেড়ে রাধিকাপুর যাচ্ছিল। রাত দেড়টা নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কার বল্লালপুরের ব্রিজের নীচে রেললাইনের উপর আচমকাই একটি বালি বোঝাই লরি চলে আসে। সঙ্গে সঙ্গে জরুরিকালীন ব্রেক কষেন ট্রেনের চালক। তবে ধাক্কা এড়ানো যায়নি। লরিটিতে ধাক্কা মারে রাধিকাপুর এক্সপ্রেস।
এমন আচমকা ব্রেক কষার কারণে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। লাইনচ্যুত হয় ইঞ্জিনের চাকাও। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন রেল দফতরের আধিকারিকরা। আসেন রেল পুলিশ ও ফরাক্কা থানার আইসি দেবব্রত বিশ্বাস। দমকলের ২টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, ট্রেনের ধাক্কায় লরিটি দুমড়ে মুচড়ে গিয়েছে। ট্রেনের ইঞ্জিনও লাইনচ্যুত হওয়ার পাশাপাশি সেখানকার রেললাইনেরও ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনার জেরে ওই লাইন দিয়ে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল।
রাধিকাপুর এক্সপ্রেসের এক যাত্রী জানান, “আমরা শুয়ে ছিলাম। অনেকে ঘুমাচ্ছিল। আমি জেগেই ছিলাম। রাত দেড়টা নাগাদ একটা ঝাঁকুনি হল। এতে অনেকে জেগে গেল। তার পর অনেকে বাইরে গেল। বেরিয়ে দেখলাম লরির পিছনটা পুরো ভেঙে গিয়েছে। তার পর বুঝলাম ট্রেন ধাক্কা মেরেছে। ব্রিজের নীচে এই ঘটনা ঘটেছে। অনেক পুলিশ এসেছে”।
দুর্ঘটনার কারণে বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন
রেল সূত্রে খবর, ০৫৪৩৩ আজিমগঞ্জ-বারহারওয়া স্পেশ্যাল ট্রেন বাতিল হয়েছে। ১৩৪৬৬ মালদা টাউন- হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস আজিমগঞ্জ, কাটোয়া দিয়ে যাচ্ছে না। গুমানি-রামপুরহাট-বর্ধমান হয়ে হাওড়া আসবে। রুট বদল হয়েছে ১৩৪২১ আপ নবদ্বীপ ধাম- মালদা টাউন এক্সপ্রেসের। আজিমগঞ্জ থেকে ট্রেনটিকে নলহাটি-রামপুরহাট-গুমানি হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
এই দুর্ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, “রবিবার রাত দেড়টা কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সেখানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন সেখানে। যাঁরা রাধিকাপুরে যেতেন, তাঁদের বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বাকিদের অন্য পরিবহণের ব্যবস্থা করা হয়েছে। এর জেরে আমরা কিছু ট্রেন বাতিল করেছি। কিছু ট্রেনের রুট বদল করেছি। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত”।






