মাঝ ডিসেম্বর থেকেই বঙ্গে মিসিং ছিল শীত। নতুন বছর পড়ার পরই ফের শীতের আমেজও ফিরে এলেও ফের বেড়েছে তাপমাত্রা। এর জেরে মন খারাপ শীতবিলাসীদের। আগামী দু-তিনদিন আরও বাড়বে তাপমাত্রা। তবে এখনই সোয়েটার-কম্বল তুলে না রাখারই পরামর্শ দিল হাওয়া অফিস। সপ্তাহ শেষে ফিরে আসতে পারে শীত।
যদিও আজ, রবিবার কলকাতার তাপমাত্রা বেড়েছে। এদিন কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি। গতকাল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৪ শতাংশ। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেটেছে কুয়াশা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শহরে।
ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল, সোমবার নতুন করে ফের পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতে। উত্তরপ্রদেশ ও লাক্ষাদ্বীপে আবার রয়েছে ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা রয়েছে লাক্ষাদ্বীপের ঘূর্ণাবর্ত থেকে ভারতের বিদর্ভ পর্যন্ত। আর এর প্রভাবেই বাড়ছে তাপমাত্রা।
বাতাসে জলীয় বাষ্প থাকায় বঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে ফের বদলাবে আবহাওয়া। শীতের নতুন স্পেল শুরু হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ৪-৫ দিনের স্পেল হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরে দশ দিনের স্পেল ছিল শীতের। এবার জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফের তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এর ফলে শীতবিলাসীদের মনের ইচ্ছা একটু হলেও পূরণ হবে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া অফিস জানাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের দু-একটি জেলায় ঘন কুয়াশা থাকতে পারে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলেই খবর। তবে সপ্তাহের শেষ দিকে নামতে পারে তাপমাত্রা।





