কোথায় গা ঢাকা দিয়ে রয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান? গোপন ডেরার খবর দিলেন শুভেন্দু

যার বাড়িতে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে তৃণমূল কর্মীদের হামলার মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিকদের, সন্দেশখালির সেই দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান আপাতত পলাতক। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিশ। দু’দিন পেরিয়ে গেলেও তাঁর খোঁজ মেলেনি। এবার তাঁর গোপন ডেরার হদিশ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শেখ শাহজাহানের পলাতক হওয়ার খবর জানার পরই গুঞ্জন উঠেছিল যে তিনি হয়ত বাংলাদেশে পালিয়ে যেতে পারেন। কিন্তু শুভেন্দু অধিকারীর কথায়, ওই তৃণমূল নেতা সন্দেশখালিতেই রয়েছেন। কোনও এক প্রধানের বাড়িতে তিনি গা ঢাকা দিয়েছেন বলে দাবী শুভেন্দুর। তাঁর এও দাবী, বাংলাদেশ পালানোর চেষ্টা করেছিলেন শাহজাহান কিন্তু তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হওয়ায় আর পালাতে পারেন নি তিনি।

কী জানালেন শুভেন্দু অধিকারী?

শুভেন্দুর কথায়, “কেন্দ্রীয় এজেন্সি বাংলাদেশ সরকারকে সতর্ক করেছে। তাই পালাতে পারেনি। তবে এখন সন্দেশখালিতেই রয়েছেন। এলাকার প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে লুকিয়ে রয়েছেন”। বিরোধী দলনেতার দাবী, শাহজাহান কোথায় রয়েছেন সে কথা তাঁকে জানিয়েছেন খোদ তৃণমূলের লোকজনই।

অন্যদিকে আবার শাহজাহান কোথায় থাকতে পারেন, সেই বিষয়ে এক সংবাদমাধ্যমে মুখ খোলেন শাহজাহানের ভাই শেখ আলমগীর। তাঁর কথায়, দাদা ফোন করেছিল কিন্তু তাঁর সঙ্গে কথা হয়নি। তবে তিনি এও বলেছেন যে শাহজাহান বাংলাদেশ পালায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি চালাতে যায় ইডি। সেখানে তৃণমূল নেতার অনুগামীরা হামলা চালায় ইডি আধিকারিকদের উপর। মাথা ফাতে তিন আধিকারিকদের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ধাওয়া করা হয়। কোনও রকমে প্রাণ হাতে নিয়ে পালিয়ে বাঁচেন তারা। এই ঘটনায় গোটা বঙ্গ রাজনীতি উত্তাল হয়। এই ঘটনার পর থেকেই কার্যত উধাও শেখ শাহজাহান। তাঁকে খুঁজে পেতে লুক আউট নোটিশ জারি হলেও এখনও পর্যন্ত অধরাই তৃণমূল নেতা।

আরও অন্যান্য খবর