যাওয়ার কথা ছিল গুয়াহাটি, কিন্তু যাত্রীরা পৌঁছে গেলেন বাংলাদেশ, অদ্ভুত ঘটনা ঘটাল ইন্ডিগো এয়ারলাইন, কেন হল এমনটা?

গুয়াহাটি যাওয়ার জন্য মুম্বই থেকে যাত্রা শুরু করেছিল ইন্ডিগোর একটি বিমান। কিন্তু গুয়াহাটি না পৌঁছে সেই বিমান যাত্রীদের নিয়ে চলে গেল সোজা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে তাও আবার পাসপোর্ট ছাড়াই। এমন ঘটনায় রীতিমতো ভয় পেয়ে যান যাত্রীরা।

কেন ঘটল এমন ঘটনা?

জানা গিয়েছে, শনিবার যাত্রীদের নিয়ে মুম্বই থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দেয় ইন্ডিগোর একটি বিমান। কিন্তু খারাপ আবহাওয়া ও গুয়াহাটি বিমানবন্দরে খুব কম দৃশ্যমানতার কারণে সেই বিমানটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করান পাইলট। প্রথমে কলকাতায় বিমানটি অবতরণ করাতে চেয়েছিলেন পাইলট। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। আবার ভুবনেশ্বরে রানওয়ে বন্ধ থাকার কারণে সেখানেও বিমানটি অবতরণ করানো যায়নি। ক্যাপ্টেন অবশেষে বিমানটিকে ঢাকায় অবতরণের সিদ্ধান্ত নেন। সেটিই ছিল সবচেয়ে কাছের বিমানবন্দর।

এই ঘটনার কথা জানিয়ে ইন্ডিগো একটি বিশদ বিবৃতি প্রকাশ করে বলে, “মুম্বই থেকে গুয়াহাটি যাওয়ার ইন্ডিগো ফ্লাইট 6E 5319 গুয়াহাটিতে খারাপ আবহাওয়ার কারণে বাংলাদেশের ঢাকায় ডাইভার্ট করা হয়েছিল”। পরে আবার আটকে পড়া যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে ফেরানোর জন্য এয়ারলাইন নতুন ক্রুদের ব্যবস্থা করে বলে জানা যায়।

ইন্ডিগোর তরফে পেশ করা ওই বিবৃতিতে এই ঘটনা সম্পর্কে জানানো হয়, “পরিচালনাগত কারণে, ঢাকা থেকে গুয়াহাটি পর্যন্ত ফ্লাইট পরিচালনার জন্য ক্রুদের একটি বিকল্প সেটের ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীদের আপডেট সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছিল এবং যাত্রীদের জলখাবার পরিবেশন করা হয়েছিল। এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত”।

ইন্ডিগোর ওই ফ্লাইটে ছিলেন কংগ্রেস নেতা সুরজ সিং ঠাকুরও। তিনি এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমি @IndiGo6E ফ্লাইট 6E 5319 মুম্বই থেকে গুয়াহাটিতে নিয়েছিলাম৷ কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। পরিবর্তে, এটি ঢাকায় অবতরণ করে। এখন যাত্রী ছাড়া সব যাত্রীই বাংলাদেশে, আমরা ভেতরে আছি”।

তবে এমন ঘটনা ঘটায় বেশ উদ্বেগ ছড়ায় বিমানে থাকা যাত্রীদের মধ্যে। তাদের দুশ্চিন্তা দূর করতে এয়ারলাইনসের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, “আমরা আপনার অসুবিধার জন্য সত্যিই দুঃখিত। খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি ডাইভার্ট করা হয়েছিল যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমাদের দল যাত্রীদের তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার জন্য কাজ করছে”।

RELATED Articles