গম্ভীরের আসনে অক্ষয়! এবার বিজেপিতে যোগ দিচ্ছেন ‘খিলাড়ি’ অক্ষয় কুমার, হতে পারেন লোকসভা ভোটের প্রার্থী

লোকসভা নির্বাচনের আগে আসতে চলেছে বড় চমক। রাজনীতিতে এবার দেখা যেতে পারে খিলাড়ি অক্ষয় কুমারকে। লোকসভা নির্বাচন দিয়েই রাজনীতিতে আসতে চলেছেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। সূত্রের খবর, বিজেপির টিকিটেই লোকসভা নির্বাচনের প্রার্থী হতে পারেন অক্ষয় কুমার।

গম্ভীরের জায়গাতেই অক্ষয়?

আজ, শনিবার সকালে বোমা ফাটান প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তিনি জানান, রাজনীতি থেকে বিদায় নিতে চান তিনি। ক্রিকেটের দায়িত্ব সামলানোর জন্যই রাজনীতি থেকে অব্যাহতি চান তিনি, এমনটা জানিয়ে অনুরোধ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। এরপরই অক্ষয় কুমারে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়।

গৌতম গম্ভীর পদ ছেড়ে দিলে আগামী নির্বাচনে পূর্ব দিল্লি থেকে প্রার্থী কে হবেন, তা নিয়ে চলছিল জল্পনা। সূত্রের খবর, সেই আসনেই অক্ষয় কুমারকে প্রার্থী করতে পারে বিজেপি। এর আগে ২০১৯ সালে সেই আসন থেকে ত্রিমুখী লড়াইয়ে দারুণ ব্যবধানে জিতেছিলেন গৌতম গম্ভীর। এবারও সেই আসন থেকে কোনও হেভিওয়েট মুখকেই চাইছে বিজেপি কারণ এই বার সেই আসন থেকে জোট বেঁধেছে আপ ও কংগ্রেস।

এই আসনের জন্য অনেক নাম উঠে এলেও অক্ষয় কুমারের নাম নিয়েই জল্পনা বেশি। অক্ষয় কুমার এমনিতেই মোদী ভক্ত বলেই পরিচিত। মোদী তাঁকে বাড়িতে ডেকে সাক্ষাৎকারও দিয়েছেন। তার উপর বলিউডেও অক্ষয় কুমারের মন্দা চলছে বলা যায়। অনেকদিন কোনও সুপারহিট ছবি নেই তাঁর। সব মিলিয়েই মনে করা হচ্ছে এবার গেরুয়া শিবিরের হাত ধরতে চলেছেন বলিউডের খিলাড়ি।  

উল্লেখ্য, চলতি সপ্তাহেই নির্বাচনী কমিটির বৈঠক ছিল বিজেপির। সেই বৈঠক চলে রাত ১১টা থেকে রাত সাড়ে ৩টে পর্যন্ত। ওই বৈঠকেই বিজেপির প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়। প্রাথমিকভাবে ১০০ জনের প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। সেই তালিকায় অক্ষয় কুমারের নাম রয়েছে বলে খবর। যদিও বিজেপি বা অক্ষয় কুমারের পিআর টিম থেকে এখনও এই বিষয়ে কিছুই জানানো হয়নি।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles