এবার সত্যিই হয়ত ‘নিজেকে নিজের মতো গুছিয়ে’ নেওয়ার পালা। দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনে ইতি টানলেন গায়ক অনুপন রায়। স্ত্রী পিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন তিনি।
গায়ক স্পষ্ট জানান যে তাদের বিয়ে ভাঙলেও বন্ধুত্বের সম্পর্কটা অটুট থাকবে। ঠিক এমনভাবেই নিজেদের বিবাহবিচ্ছদের কথা ঘোষণা করেছিলেন আমির খান ও কিরন রাও। অনুপম লেখেন, “আমরা দুজনে পারস্পরিক সম্মতিতে বিয়ের সম্পর্কটা ভেঙে বেরিয়ে আসবার সিদ্ধান্ত নিয়েছি, আমরা এবার নিজেদের পথে চলব বন্ধু হিসাবে”।
তাঁর কথায়, “একসঙ্গে আমাদের এই সফরটা খুব সুন্দর ছিল। অসাধারণ কিছু স্মৃতি, সুন্দর-সাজানো মুহূর্তগুলো সর্বদা সঙ্গে থাকবে। কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যার জেরে আমরা ঠিক করেছি স্বামী-স্ত্রী হিসাবে এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আমরা ঠিক আগের মতোই পরস্পরের খুব কাছের বন্ধু থাকব, যেমনটা আমরা আগে থেকেই ছিলাম এবং পরস্পরের ভালো-মন্দটা দেখবার জন্য সর্বদা তৈরি থাকবো”।
এখানেই শেষ নয়। অনুপম যোগ করেন, “আমরা পরিবার, পরিজন ও বন্ধু এবং শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞ এই সফরের প্রতিটা পদক্ষেপে পাশে থাকবার জন্য। আমাদের প্রতি এই সহানুভূতি এবং বোঝাপড়াটা একইরকমভাবে বজায় রাখুন। যাতে ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনটা আমরা আত্মমর্যাদা এবং গোপনীয়তার সঙ্গে পার করতে পারি”।
মিউজিকের প্রতি ভালোবাসা থেকেই কাছাকাছি এসেছিল এই দুটি মানুষ। বসন্তের সন্ধ্যার আলাপে শুরু বন্ধুত্ব, তারপর প্রেম আর পরবর্তীতে ২০১৫ সালে সাত পাক ঘুরে পূর্ণতা পায় তাদের সম্পর্ক। কিন্তু আচমকাই সকলকে অবাক করে দিয়ে ডিভোর্সের ঘোষণা সারলেন সংগীত শিল্পী অনুপম রায় ও তাঁর স্ত্রী পিয়া।
আরও পড়ুন- মহিলার গায়ে হাত, জোর করে চুমু সরকারি অফিসারের, অফিসে যৌন হেনস্থার শিকার মহিলা কর্মী
গায়কের এই বিবাহবিচ্ছেদের খবর শুনে স্বভাবতই অবাক হয়ে গিয়েছেন তাঁর অনুরাগীরা। কিন্তু এই পোস্টে কমেন্ট করার জন্য কমেন্ট বক্স খোলা রাখেন নি অনুপম। তবে নেটিজেনরা এই খবরে বেশ কষ্টই পেয়েছেন।





