বাঙালি চাইলে কী না পারে। শিল্প ক্ষেত্রেই হোক বা বিজ্ঞান, বাঙালিদের দেখা সব জায়গাতেই পাওয়া যায়। সিনেমা জগৎও তার ব্যতিক্রম নয়। এবার কয়েকজন বঙ্গসন্তানের হাত ধরেই ভারতের প্রথম মিনি হরর সিরিজ আসছে ওটিটি প্ল্যাটফর্মে।

সিরিজের নাম ফোর শেডস অফ লিপ। চারটি লিপের অনুকরণে এই সিরিজের এই অভিনব নামকরণ করা হয়েছে। এই সিরিজে থাকছে চারটি শর্ট ফিল্ম যার থিম হল হরর। এই সিরিজের পরিচালনায় রয়েছেন ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। তিনি এই ছবির গল্পকারও বটে। সেইসঙ্গে ছবির সুর পরিচালনা এবং সম্পাদনার দায়িত্বেও রয়েছেন ইন্দ্রনীল।

এই ছবির সহকারী গল্পকার হিসাবে রয়েছেন তুহিন দাশগুপ্ত। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রনীল স্বয়ং। সিনেমাটোগ্রাফি করেছেন তুহিন দাশগুপ্ত। অভিনয়ে রয়েছেন অর্ক ভট্টাচার্য, দেবস্মিতা চক্রবর্তী, সুকন্যা সেন, গৌতম চক্রবর্তী, সৃজনী মুখোপাধ্যায়, দেবপ্রিয়া চক্রবর্তী প্রমুখ।

চারটি ভিন্ন স্বাদের হরর গল্প নিয়ে আসতে চলেছে ফোর শেডস অফ লিপ। পরিচালকের পক্ষ থেকে জানা গেল যে পুজোর আগেই রিলিজ করবে এই মিনি সিরিজ। ভারতে ওটিটি প্ল্যাটফর্ম এম এক্স প্লেয়ারে দেখা যাবে এই সিরিজটি। এবং আমেরিকা ও কানাডায় দর্শকরা এই সিরিজটি আমাজন প্রাইমে দেখতে পাবেন।
পরিচালক আরো জানিয়েছেন যে এই গল্পের অভিনবত্ব দর্শককে বুঁদ করে রাখবে। এটি ভারতের প্রথম হরর মিনিসিরিজ। এর আগে এই কাজ কোন ভারতীয়ই করেননি। তাই বাঙালি হিসাবে ভারতের প্রথম হরর মিনিসিরিজ উপস্থাপন করার মধ্যে অবশ্যই একটা আলাদা গর্ব রয়েছে।





