কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি খবর বেশ ঘোরাফেরা করছিল, নেটিজেনরা আশঙ্কা প্রকাশ করছিলেন যে অভিনেতা কার্তিক আরিয়ানের অবস্থা যেন শেষ পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মতো না হয়। কারণ জানা যায়, করণ জোহরের সংস্থা ব্যান করে কার্তিককে। এরপর আরও অনেক ছবি থেকেই বাদ পড়েন তিনি। এসবের মধ্যেই এক সিদ্ধান্ত নিলেন কার্তিক।
কার্তিকের ইনস্টাগ্রাম প্রোফাইল লক্ষ্য করলে দেখা যাবে, সেখানে কিছু পরিবর্তন ঘটেছে। আসলে তাঁর প্রোফাইলে আগে জ্বলজ্বল করত ‘Actor’ অর্থাৎ ‘অভিনেতা’ লেখা শব্দটি। কিন্তু এখন সেটি বদলে হল ‘B.Tech’ অর্থাৎ অভিনেতার ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি। এই লেখা নিয়েই হইচই শুরু হয়েছে নেট পাড়ায়।

অভিনয় জীবনে আসার আগে কার্তিক নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বায়োটেকনোলোজিতে বিটেক করেন। কিন্তু ইঞ্জিনিয়ারিং ছেড়ে দু’চোখে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে আসেন। নিজের চেষ্টায় নিজের জায়গা শক্ত করেন।
‘প্যায়ার কা পঞ্চনামা’ ও ‘প্যায়ার কা পঞ্চনামা ২’ ছবিতে কিছু সংলাপের দ্বারা দর্শককে মুগ্ধ করেম কার্তিক। এরপর ‘সোনু কি টিটু কি সুইটি’ ছবিতে তাঁর অভিনয় সকলের নজর কাড়ে। এরপর একে একে ‘পতি পত্নী অউর ওহ’, ‘লুকা ছুপি’, ‘লাভ আজ কাল ২’ একের পর এক ছবিতে অভিনয় করেছেন কার্তিক। বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
আরও পড়ুন- ‘কাজ করি বলে এসব গুজব রটবেই’, ইন্দ্রনীলের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইশা
কিন্তু এই সাফল্যের মধ্যেই ঘটল ছন্দপতন। করণ জোহরের ‘দোস্তানা ২’ ছবি থেকে বাদ পড়েন তিনি। এরপর শাহরুখ খানের প্রোডাকশন হাউজের ‘রেড চিলিস এন্টারটেনমেন্ট’-এর ছবি ‘ফ্রেডি’ থেকেও বাদ পড়েন তিনি। সেই ছবির শুটিং-এ তারিখ দেওয়া নিয়ে সমস্যা হওয়ায় সেই ছবি ছাড়তে হয় তাঁকে।
বলিউডের দুই বড় প্রযোজনা সংস্থার ছবি থেকে বাদ পড়া মোটেই কোনও অভিনেতার কেরিয়ারের জন্য ভালো কথা নয়। এই কারণেই মনে করা হচ্ছে যে কার্তিক হয়ত আবার তাঁর পুরনো ইঞ্জিনিয়ারিং-এর জীবনে ফিরে যেতে চাইছেন। তবে এ বিষয়ে অভিনেতা নিজে কিছু বলেননি।






