সদ্যই পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। আর এরপরই এক অনুষ্ঠানে তিনি দাবী করে বসেন যে দেশের আসল স্বাধীনতা এসেছে ২০১৪ সালে। ১৯৪৭ সালের স্বাধীনতা নাকি ভিক্ষামাত্র। তাঁর এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে। বেশিরভাগ মানুষই তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেছেন। এমনকি, তাঁর অনুরাগীরাও তাঁর বিপক্ষেই কথা বলছেন।
কঙ্গনার এমন মন্তব্যকে ঘিরে নানান মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে। এবার তাঁকে একহাত নিলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ইনস্টাগ্রামে কঙ্গনাকে নিয়ে একটি মিম ভিডিও শেয়ার করেন তিনি। সেই ভিডিওতে কঙ্গনাকে ‘দেশের গদ্দার দিদি’ বলে দাগলেন রাখি।
কঙ্গনার সাক্ষাৎকারের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি নিজের ইনস্টাগ্রামে। তবে তা এডিট করে কঙ্গনার গলার আওয়াজের জায়গায় বসিয়ে দিয়েছেন কুকুরের ডাক। এই ভিডিওর ক্যাপশনে রাখি লেখেন, “দেশের গদ্দার দিদি”। রাখির এই পোস্ট আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
View this post on Instagram
তবে নেটিজেনদের একাংশ যেমন রাখির এই ভিডিওকে সমর্থন জানিয়েছেন, তেমনই অন্য এক অংশ তাঁর এই ভিডিওর বিরোধিতাও করেছেন। রাখির উদ্দেশে অনেকেই বলেছেন যে তাঁর মুখ থেকে নাকি কারোর জন্যই কখনও ভালো কথা বের হয় না। আবার অনেকেই তাঁকে করণ জোহরের চামচা বলেও কটাক্ষ করেছেন।
এক ইনস্টাব্যবহারকারী রাখিকে প্রশ্ন করেছেন, “ওর কাছে তো তাও পদ্মশ্রী আছে, তোমার কাছে কী আছে যে তুমি ভেউ ভেউ করছ”? এর জবাব দিতে শোনা যায় রাখি সাওয়ান্তকে। তিনি লেখেন, “ভিক্ষা করে পেয়েছে”।

কঙ্গনার এমন মন্তব্যের কারণে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। নানান রাজনৈতিক মহল থেকেও অভিনেত্রীর এই মন্তব্যের বিরোধিতা করা হয়েছে। দাবী উঠেছে কঙ্গনার পদ্মশ্রী সম্মান কেড়ে নেওয়ার। ১৯৪৭ সালে ভারতে যে স্বাধীনতা এসেছিল, তা যে ‘ভিক্ষা’, তা যেন কোনওভাবেই মেনে নিতে পারছেন না গোটা দেশবাসী।





