‘স্বজনপোষন সুশান্তের মৃত্যুর কারণ হতে পারে না’, মন্তব্য তাঁর তুতো ভাই বিজেপি বিধায়ক নীরজ কুমার সিং-এর

স্বজনপোষন নাকি সুশান্তের মৃত্যুর কারণ নয়! তাঁর মৃত্যু কি শুধুই আত্মহত্যা নাকি কোনো বড়সড় ষড়যন্ত্র? এই ধোঁয়াশা কাটাতে যখন সারা দেশ জুড়ে CBI তদন্তের দাবি উঠছে তখন নিজের বক্তব্য রাখলেন তাঁর তুতো ভাই। তদন্ত প্রক্রিয়া নিয়ে আরো অনেক কথাই উঠে এল অভিনেতার তুতো ভাই তথা বিজেপি বিধায়ক নীরজ কুমার সিং বাবলুর সাক্ষাৎকারে।

নীরজ কুমার সিং বাবলু বিহারের ছাতাপুরের বিধায়ক। তিনি সম্প্রতি সুশান্তের মৃত্যুর বিষয়ে একটি সাক্ষাৎকারে জানান, ”সুশান্তের মৃত্যু নিয়ে যেমন ধোঁয়াশা হয়ে রয়েছে তেমনিই তদন্ত প্রক্রিয়া নিয়েও রয়েছে অস্পষ্টতা। সুশান্তের তদন্ত নিয়ে কারোর কাছেই কোনও উত্তর নেই। শুধু আমি কেন এখনো অবধি কেউই কিছু বুঝতে পারছে না। তাই আমরা সবাই পুলিশি তদন্ত শেষ হওয়ার অপেক্ষায় রয়েছি।”

'স্বজনপোষন সুশান্তের মৃত্যুর কারণ হতে পারে না', মন্তব্য তাঁর তুতো ভাই বিজেপি বিধায়ক নীরজ কুমার সিং-এর

সুশান্ত ও রিয়ার সম্পর্ক এবং তাঁদের সম্পর্কের মধ্যে তৈরি হওয়া জটিলতা নিয়ে নীরজকে প্রশ্ন করলে তিনি বলেন, “সম্পর্কের শুরুতে তো সব ঠিকঠাকই ছিল। তারপর কিছু সমস্যা তৈরি হলে সে বিষয় আমি বলতে পারবো না।” পাশাপাশি সুশান্তের মানসিক সমস্যা ও বিগত ৬ মাস ধরে চলতে থাকা চিকিৎসার কথা নীরজ কুমারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “ছোটখাটো সমস্যা তো সবারই লেগে থাকে। তবে ও যদি কোনো কারণে মানসিক অবসাদে ছিল, তাহলে নিশ্চয় তার পিছনে কোনও কারণ রয়েছে। পুলিশি তদন্তের মাধ্যমে সেই রহস্য ভেদ করা সম্ভব।”

নীরজ কুমার সিং বাবলুর বক্তব্য, ”সুশান্তের মৃত্যুর পর জানা গেল আগের দিন রাতে নাকি সুশান্তের সঙ্গে ওর ফ্ল্যাটে এক বন্ধু ছিল, কিন্তু সেই বন্ধুটি কে? মুম্বাই পুলিশ এখনো অবধি কাকে কাকে জিজ্ঞাসাবাদ করেছে? সুশান্তের মৃত্যুটা আদৌ খুন নাকি আত্মহত্যা, কোনো বিষয়ই এখনো স্পষ্ট কিছু জানতে পারিনি।”

উল্লেখ্য, যেখানে সারা দেশ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর অন্যতম কারণ হিসেবে বলিউডের স্বজনপোষনকে দায়ী করছেন, সেখানে তাঁর তুতো ভাই বলিউডের স্বজনপোষণকে মৃত্যুর কারণ হিসেবে মানতে নারাজ। তাঁর স্পষ্ট বক্তব্য, “স্বজনপোষণ কারোর মৃত্যুর আসল কারণ হতে পারে না। সুশান্ত নিজের কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ছিল বা ওর টাকা পয়সা নিয়ে যে সমস্যার কথা বলা হচ্ছে সেগুলি একদমই ভুল কথা। সুশান্তের মৃত্যুর পিছনে নিশ্চিতরূপে কোনো ষড়যন্ত্র রয়েছে। তা থেকে সবার দৃষ্টি এড়াতেই এইসব ভিত্তিহীন প্রসঙ্গ তুলে ধরা হচ্ছে মানুষের সামনে”। সুশান্তের তুতো ভাই তথা নীরজ কুমার সিং বাবলুর এ হেন বক্তব্য সুশান্তের মৃত্যুর তদন্তের ওপর কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। বিশেষত স্বজনপোষন নিয়ে তাঁর এমন বক্তব্য কতটা সঠিক তাই এখন ভাবাচ্ছে সবাইকে।

আরও অন্যান্য খবর