বড় পর্দায় রিলিজ করতে হবে ‘দিল বেচারা’, জাতীয় মানবাধিকার কমিশনে জমা পড়ল আবেদন। আশিস রাই নামে সুশান্ত অনুরাগী এক আইনের ছাত্র সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনকে চিঠি লিখে জানিয়েছেন, প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর শেষ ছবিটি বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হোক।
আগামী ২৪শে জুলাই সুশান্তের শেষ অভিনীত ছবি ‘দিল বেচারা’ মুক্তি পেতে চলেছে হটস্টারে। সম্প্রতি এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। সেই ট্রেলার ইতিমধ্যে একের পর এক রেকর্ড ভাঙছে। কিন্তু সুশান্তের প্রকৃত অনুরাগীরা তাঁকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চাইছেন না। শেষবারের মতো তাঁরা সুশান্তকে বড় পর্দায় একবার দেখতে চাইছেন।
তাই সেই অনুরাগীদের হয়ে এবার আশিস ছবিটির অনলাইন মুক্তি বাতিল করে সিনেমা হলে রিলিজ করার জন্য জাতীয় মানবাধিকার কমিশনে আবেদন জানালেন।
আশিস বলছেন যে আসন্ন উৎসবের মরশুমে, কোনও একটি ছুটির দিনে ছবিটির রিলিজ সিনেমা হলে করা হোক তাহলে সেটাই সুশান্তের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। তাঁর কথায়, তাড়াহুড়ো করে তো এই সিনেমার রিলিজের কোন দরকার ছিল না। একটা বিগ স্পেশ্যাল ফেস্টিভ্যাল ডে দেখে সারাদেশেই ছবি রিলিজ হওয়া দরকার তবেই অভিনেতার প্রতি প্রকৃত সম্মান দেখানো হবে।





