ছোটপর্দায় বেশ পরিচিত। বেশিরভাগ সিরিয়ালের ঠাকুমা, দিদিমার চরিত্রে তার দেখা মেলে। রোজই বিকেল হলে তাঁকে টেলিভিশনের পর্দায় দেখেন দর্শকরা। তিনি আর কেউ নন, তিনি বাসন্তী চট্টোপাধ্যায়। গত সপ্তাহেও শ্যুটিং করেছেন তিনি। এই বয়সেও দাপিয়ে অভিনয় করেন। হঠাৎ ছন্দপতন। গুরুতর অবস্থায় দমদমের এক নার্সিংহোমে ভর্তি করা হয় বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়কে। পরিবার সূত্রে খবর, তিনি কোমায় রয়েছেন অভিনেত্রী।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে পেটের ক্যানসারে আক্রান্ত তিনি। সম্প্রতি হার্টের জন্য প্রেসমেকারও বসানো হয়। এদিকে চিকিৎসকরা জানাচ্ছেন, অভিনেত্রীর কিডনি আর সচল নেই।
অভিনেত্রীর দেখাশোনা যিনি করেন, তিনি জানিয়েছেন, “অভিনেত্রীর শারীরিক পরিস্থিতিও ভালো নয়, খুবই খারাপ। গত সপ্তাহেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল। বুকে জল জমেছিল। একটা কিডনিও ফেলিওর হয়েছে। ক্যাথেটার লাগিয়েও ইউরিন পাশ করানো যায়নি। গতকাল (মঙ্গলবার) থেকে ডায়ালিসিস চলছে। বাসন্তী চট্টোপাধ্যায় এখন কোমাতে রয়েছেন। রেখা বোসের কথায়, ‘এখন ভগবানই ভরসা।”
তিনি আরও বলেন, “বাসন্তী চট্টোপাধ্যায় বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। তবে তারপরও অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। তাঁর মেয়ে-জামাই দমদমেই থাকেন। ওঁরা মাঝেমধ্যেই মায়ের কাছে আসতেন। রেখা দেবীর আফসোস, ‘যাঁর দেখভাল করার কথা, তাঁকেই সুস্থ রাখতে পারলাম না। কয়েকদিন ধরে তিনি কাউকে চিনতেও পারছেন না।”
জানা যাচ্ছে, অভাবের কারণেই শারীরিক অসুস্থতা নিয়েও কাজ করে চলেছিলেন বাসন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রী সুমিতা চট্টোপাধ্যায়ের প্রথম তাঁর অসুস্থতার কথা প্রকাশ্যে আনে। বাসন্তী চট্টোপাধ্যায়ের বয়স এখন ৮৫ বছর। বাংলা সিরিয়াল সহ সিনেমার পর্দাতেও কাজ করেছেন তিনি। তিনি কাজ করেছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও। ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’, ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘ভূতু’ সব বহু ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে । বর্তমানে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল তাঁকে।





