ভারতীয় মহিলাদের কাছে শাড়ি (Saree) অন্যতম পরিহার্য বস্ত্র। গোটা ভারতে অধিকাংশ মহিলারা শাড়ি পরেন তবে স্থানভেদে সেই শাড়ি পরার ধরন ভিন্ন হয়। সাধারণত বলা হয় যে শাড়ি পরে মহিলারা কোন শরীর চর্চা বা দৌড়াদৌড়ি করতে পারেন না। তাই বর্তমানে অধিকাংশ ভারতীয় মহিলা শাড়ি পরা পছন্দ করেন না। কিন্তু এবার বছর ২৩ এর এষণা কুট্টি (Eshna Kutty) এই মিথ ভেঙে দিলেন। শাড়ি পরে যে শরীরচর্চা ভালোমতোই করা যায় তা এবার শাড়ি পরিহিত অবস্থায় হুলা হুপ-এর (Hoola Hoops) মাধ্যমে দেখিয়েছেন এই তরুণী। ফলে শাড়ি নামক ভারতীয় সংস্কৃতির সঙ্গে যে পাশ্চাত্য শরীরচর্চার কোনো বিরোধ নেই তা ফের প্রমাণ হয়ে গেল।
হুলা হুপিং নামে একটি রিং নিয়ে এই শারীরিক কসরত বর্তমানে ভারতে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করেছে। আমরা মূলত সার্কাসে এই প্রকার শরীরচর্চা দেখে থাকলেও এখন অনেকেই বাড়িতে হুলা হুপিং করতে শুরু করেছেন। এবার এষণা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাকে দেখা যাচ্ছে তিনি একটি শাড়ি পরে রয়েছেন, পায়ে স্নিকার্স এবং সেই অবস্থাতেই তিনি রেখা ভরদ্বাজ-এর গাওয়া শ্বশুরাল গেন্দা ফুল গানে দক্ষতার সঙ্গে হুলা হুপিং করে যাচ্ছেন বিভিন্ন অভিনব কায়দায়! তার ক্যাপশনেও স্পষ্ট যে, শাড়ি পরেও যে এই পাশ্চাত্য শরীরচর্চা করা যায় তা বোঝানোর জন্য এই ভিডিওটি পোস্ট করেছেন এষণা।
স্বাভাবিকভাবেই এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বিশেষ করে মহিলারা এই ভিডিওকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন এবং সকলেই বলছেন যে বছর ২৩ এর এই তরুণী প্রমাণ করলেন যে ভারতীয় সংস্কৃতির সঙ্গে কিন্তু পাশ্চাত্য কোন কিছুর বিরোধ নেই। দেখে নিন এষণার সেই সাবলীল ভিডিও…





