ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার রাতে ভয়াবহ ভূমিকম্পের খবর মেলে। দেশের বিপর্যয় মোকাবিলা এজেন্সি থেকে জানা গিয়েছে যে, গতকাল গভীর রাতে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২। ভূমিকম্পের তীব্রতার জেরে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর আহত প্রায় ৭০০ মানুষ।
জানা গিয়েছে ম্যাজেন শহরের উত্তরপূর্বের ৬ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। রাতে ভুমিকম্প অনুভূত হতেই আতঙ্কে ও প্রাণের ভয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন কয়েক হাজার মানুষ। এক বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, তীব্র ভূমিকম্পের জেরে দেশে এখনও পর্যন্ত কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি। তবে ভূমিকম্পের দ্বিতীয় তরঙ্গের জন্য মানুষকে আগের থেকেই সতর্ক করা হয়েছে।
বিপর্যয় মোকাবিলা এজেন্সির থেকে পাওয়া খবর অনুযায়ী, ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের বেশ কিছু বাড়ি। বেশ কিছু সরকারী অফিস ও হোটেলের দেওয়ালে চিড় ধরেছে। ভূমিকম্পের জেরে মৃত্যু হয়েছে ৭ জনের, আহত প্রায় ৭০০। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, ভূমিকম্পের তীব্রতার জেরে একটি হাসপাতাল ভেঙে পড়েছে। সেখানে ডজনেরও বেশি রোগী ও হাসপাতাল কর্মীর ধংসস্তূপের উপর চাপা পড়ার খবর মিলেছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে সেখানে কতজন আটকে পড়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনও ধারণা মেলেনি।





