বড় খবর! দুর্গাপুজোর মধ্যেই কলকাতা আসছেন আর্জেন্টিনার ডি’মারিয়া, সঙ্গে মেসিরও আগমন ঘটবে নাকি তিলোত্তমায়?

কিছুদিন আগেই কলকাতা এসেছিলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ান মার্টিনেজ। এবার কলকাতায় আসতে চলেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন ফুটবলার অ্যাঞ্জেল ডি’মারিয়া। এই খবরে বেশ উচ্ছ্বসিত আর্জেন্টিনার ফ্যানরা।

জানা যাচ্ছে, মার্টিনেজের কাছে কলকাতার গল্প শুনেই এখানে আসার আগ্রহ প্রকাশ করেছেন ডি’মারিয়া। তিনিও লিওনেল মেসির মতো ২০১১ সালে কলকাতা এসেছিলেন একবার। সেই সময় ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচে একটি গোলও করেছিলেন ডি’মারিয়া। আর্জেন্টিনা জিতেছিল ৩-১ গোলে।

মার্টিনেজকে কলকাতা আনার পিছনে অবদান ছিল শতদ্রু দত্তের। তিনি এক সংবাদমাধ্যমে জানিয়েছেন ডি’মারিয়ার কলকাতা আসার সম্পর্কে। কিছুদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছিলেন যে তিন সপ্তাহের মধ্যে তাঁকে স্প্যানিশ শিখতে হবে। মনে করা হচ্ছে, ডি’মারিয়ার আগমনীর ইঙ্গিতই দিয়েছিলেন শতদ্রু ওই পোস্টের মাধ্যমে। তবে অনেকেই ভেবেছিলেন হয়ত মেসি আসবেন কলকাতায়।

তাহলে কী ডি’মারিয়ার সঙ্গে কলকাতায় দেখা মিলবে মেসিরও?

শতদ্রু ওই সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে জানিয়েছেন যে মেসি আসার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হতে পারে। তারা দু’জন একসঙ্গেই এলেন কলকাতায়। তবে শতদ্রু এও জানিয়েছেন, খবর নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি মুখ খুলবেন না। তবে ডি’মারিয়া যে কলকাতা আসছেন, তা একপ্রকার নিশ্চিত বলেই জানান শতদ্রু। একদিকে দুর্গাপুজো আর অন্যদিকে ডি’মারিয়ার আগমন, সব মিলিয়ে কলকাতাবাসী যে বেশ উৎসাহে তা আর বলার অপেক্ষা রাখে না।

এও জানা গিয়েছে, শতদ্রু নাকি মেসি, ডি’মারিয়া ও মার্টিনেজের একসঙ্গে ফ্রেমে থাকা একটি ছবি পাঠিয়েছেন ওই সংবাদমাধ্যমকে। তাহলে কী তিনজনই আসছেন কলকাতা। তেমনটা যদি হয়, তাহলে যে এক ইতিহাস তৈরি হবে, তা বলাই বাহুল্য। এবার শুধু অপেক্ষার পালা।

আরও অন্যান্য খবর