‘অনুপম হাজরা আর কয়েক দিনের মধ্যেই সিপিএম জয়েন করতে চলেছেন’, বামেদের ব্রিগেডের ছবি পোস্ট করে জল্পনা উস্কালেন অনুপম

ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে বিক্ষুব্ধ বিজেপি নেতা অনুপম হাজরা। এর আগে সোশ্যাল মিডিয়ায় বারংবার নিজের দলের নেতাদের বিরুদ্ধে তোপ দেগে এসেছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক। তবে এবার তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট বাম শিবিরকে কেন্দ্র করে। তাঁর সেই পোস্ট বহুগুণে জল্পনা বাড়াল বৈ কী! সবশেষে কী এবার লাল ঝাণ্ডা হাতে তুলে নিতে চলেছেন বিজেপি নেতা?

গতকাল, রবিবার ছিল ডিওয়াইএফআই-এর ব্রিগেড। বেশ ভালোই জনসমাগম হয়েছিল ব্রিগেডে এদিন। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অনুপম হাজরা। ছবির সঙ্গে তিনি লেখেন, “না ক্ষমতায় কেন্দ্রে, না ক্ষমতায় রাজ্যে….শেষ কবে ক্ষমতায় ছিলো, তাও হয়তো অনেকে ভুলে গেছে…না ছিলো প্রধানমন্ত্রীর ছবি না ছিলো মুখ্যমন্ত্রীর ছবি, তবুও দেখি প্রচারের চাকচিক্য, তাম-ঝাম ছাড়াই – লোকসভা নির্বাচনের মাত্র দু মাস আগে ব্রিগেড লালে লাল”।

এখানেই শেষ নয়। তিনি এও বলেছেন যে বাঙালি সংবেদনশীল। তাই তারা কখন আদৌ কাকে চায়, তা বোঝা মুশকিল। অনুপমের কথায়, “আমাদের চারিদিকে “ভূত কমিটি”র ঘনঘটা। ভেড়ার পালের মত আচরণ না করে, উপরওয়ালার দেওয়া যেটুকু Brain আছে, সেটা দিয়ে অন্তত কখনো একবার সূক্ষ্মভাবে ভাবার চেষ্টা করুন… কিন্তু সমস্যা হলো জেগে ঘুমানো মানুষকে কখনো জাগানো যায় না”।

অনুপমের এই পোস্টকে ঘিরে জল্পনা তুঙ্গে ওঠে। এই পোস্ট নিয়ে যে নানান কথা, মন্তব্য হবে তা আগে থেকেই আন্দাজ করেছেন অনুপম হাজরা। অনেকেই হয়ত তাঁর বাম শিবিরে যোগ দেওয়ার ভবিষ্যৎবাণী করে ফেলতে পারেন আন্দাজ করেই অনুপম নিজের পোস্টে শেষে লেখেন, “এতোদিন ভবিষ্যৎবাণী ছিলো –ড: অনুপম হাজরা প্রায় তৃণমূল জয়েন করে ফেলেছেন…আজকের পর থেকে নতুন ভবিষ্যৎবাণী হবে হয়তো –ড: অনুপম হাজরা আর কয়েক দিনের মধ্যেই সিপিএম জয়েন করতে চলেছেন”।

প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন ধরেই বঙ্গ বিজেপি নেতৃত্বের উপর ক্ষোভ বর্ষণ করেছেন অনুপম হাজরা। সুকান্ত মজুমদার থেকে শুরু করে শমীক ভট্টাচার্য, সকলেই ছিলেন তাঁর নিশানায়। তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়। এমনকি, শাহ-নাড্ডার কলকাতা সফরের সময়ই বিজেপির সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয় তাঁকে। এরই মধ্যে এবার তাঁর মুখে শোনা গেল বাম স্তুতি।  

RELATED Articles