ভালোবাসা কখনও কখনও মানুষকে অদ্ভুত পথে চালিত করে। প্রেমে অভিমান, বিচ্ছেদ কিংবা প্রত্যাখ্যান—এসব অনুভূতি অনেক সময়েই তরুণ মনের ওপর গভীর প্রভাব ফেলে। কিন্তু সেই অভিমানের প্রকাশ যদি ভয়ঙ্কর বিস্ফোরণের মাধ্যমে ঘটে, তবে সেটি কেবল সম্পর্ক নয়, সমাজকেও নাড়িয়ে দিতে বাধ্য। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে, যেখানে প্রেমিকার মন জয়ের চেষ্টায় এক যুবক এমন এক কাজ করে বসেন, যা দেখে হতভম্ব সাধারণ মানুষ থেকে পুলিশ সকলেই।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই প্রেমিকার সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছিল ওই যুবকের। প্রেমিকা অন্য এক ছেলের সঙ্গে কথা বলা শুরু করায় রাগ ও অভিমান চেপে বসে তার মনে। নিজের প্রেম ফিরিয়ে আনতে মরিয়া হয়ে ওঠে সে। বন্ধুবান্ধবের সঙ্গে বসে নানা পরিকল্পনার পর, অবশেষে এমন এক চরম পথ বেছে নেয় যা একেবারেই অপ্রত্যাশিত।
ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের মালির বাগান খামারডাঙা এলাকায়। তদন্তে জানা গেছে, ইউটিউব থেকে বোমা বানানোর কৌশল শেখে অভিযুক্ত যুবক। তার উদ্দেশ্য ছিল ছটপুজোর রাতে এমন একটা বিস্ফোরণ ঘটানো, যাতে প্রেমিকা ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসে এবং তার সঙ্গে দেখা করে। পরিকল্পনা মতোই নির্দিষ্ট রাতে বন্ধুবান্ধবকে নিয়ে ওই এলাকায় বোমা ছোড়া হয়। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির জানালার কাচ ভেঙে যায়, চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাতের অন্ধকারে বোমা ফাটিয়ে পালালেও পুলিশের চোখ এড়াতে পারেনি অভিযুক্তরা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, ১৮ নম্বর ওয়ার্ডে এই বিস্ফোরণ ঘটে। ফুটেজে দেখা বাইকের নম্বর থেকেই সূত্র মেলে। শুরু হয় তল্লাশি অভিযান।
অবশেষে পুলিশ ব্যারাকপুর থেকে চারজনকে গ্রেফতার করে। তারা হল সাগর মালিক, প্রিন্স যাদব, প্রণীত পাল এবং আয়ুষ যাদব। সকলের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর তারা কল্যাণীতে পালিয়ে গিয়েছিল। শুক্রবার চারজনকেই শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।
আরও পড়ুনঃ West Bengal Politics : ‘বেঁধে রাখব BLO-দের!’— প্রকাশ্যে তৃণমূল নেতার হুমকি, অভিষেকের নাম টেনে বিস্ফোরণ, FIR-এর দাবিতে সরগরম রাজ্য!
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে বোমা তৈরি ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলমান। ছটপুজোর রাতে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে এখনও আতঙ্কে এলাকা। প্রেমের নামে এমন বিপজ্জনক কাণ্ডে হতবাক স্থানীয়রা বলছেন, “ভালোবাসা মানে বোঝাপড়া, বিস্ফোরণ নয়।”





