বছরের শেষ দিনে মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া দুই বাসের রেষারেষিতে দুর্ঘটনা কলকাতায়। দুই বাসের রেষারেষিতে গুরুতরভাবে আহত মহিলা। মহিলাকে ভর্তি করা হয়েছে কলকাতার আরজি কর হাসপাতালে। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘাতক বাসটিতে ভাঙচুর চালিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে।
ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর, মঙ্গলবার সকাল দশটা নাগাদ হাওড়া থেকে বারাসাতগামী একটি বেসরকারি বাস ও বাগবাজার থেকে গড়িয়াগামী অপর একটি বেসরকারি বাস একে অপরের সাথে সমানে রেষারেষি করতে থাকে।
জানা যাচ্ছে যে, মুচিবাজার থেকে তেলেঙ্গাবাগান পর্যন্ত বাসদুটি একে অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল। ঠিক সেই সময় তেলেঙ্গাবাগান সিগন্যাল এলে রাস্তা পারাপার করছিলেন সেই এলাকার বাসিন্দা অনিমা দত্ত।
আরও পড়ুনঃ আরজি কর কান্ডের প্রতিবাদের জের! আমন্ত্রণ পেয়েও বাদ পড়লেন লগ্নজিতা! কুনাল লিখলেন ‘মুখ্যমন্ত্রীকে জঘন্য ভাষায় অপমান করেছেন’
বাসের রেষারেষি করতে করতে মহিলাকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় ওই মহিলা রাস্তায় ছিটকে পড়ে। গুরুতরভাবে আহত হন তিনি। এরপরেই বাসদুটিকে আটক করে ভাঙচুর চালায় এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রতিদিন বাসেদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। ঘটনার পর প্রতিবাদে রাস্তা অবরোধ করেছেন এলাকার বাসিন্দারা। পরে ঘটনাস্থলে পৌঁছোয় মানিকতলা থানার পুলিশ। আহত মহিলাকে পাঠানো হয়েছে আরজি কর হাসপাতালে।





