‘প্রোমোটারকে এখনই জেলে ভরা উচিত’, বিধাননগরে বেআইনি নির্মাণে ক্ষুব্ধ বিচারপতি সিনহা, ১ কোটি টাকার জরিমানা করে বাড়ি ভাঙার নির্দেশ

গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনার পর থেকেই এই বিষয় নিয়ে বেশ কড়া হয়েছে কলকাতা হাইকোর্ট। বিধাননগরে বেআইনি নির্মাণে এবার বেশ ক্ষুব্ধ হলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। বিধাননগরে ওই বেআইনি নির্মাণ তৈরি করেছিলেন যে ২ প্রোমোটার, তারা বিধাননগর এলাকায় আর কোনও কাজ করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রোমোটারদের ১ কোটি টাকার জরিমানাও করেছেন তিনি।

কোন মামলায় এই নির্দেশ?

বিধাননগর পুর এলাকায় ৩৫ নম্বর ওয়ার্ডের এক বহুতল নিয়ে অভিযোগ ওঠে কলকাতা হাইকোর্টে। আদালতে স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেন যে কোনও অনুমতি ছাড়াই ওই বহুতল নির্মাণ করা হয়েছে। গতকাল, বুধবার ওই মামলার শুনানি ছিল বিচারপতি সিনহার (Justice Amrita Sinha) এজলাসে।

এদিন বিচারপতি জানতে চান, ওই নির্মাণ ক’তলা? আইনজীবী জানান, ৫ তলার বহুতল সেটি। সেই বহুতল তৈরির আগে কী পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল, জানতে চান বিচারপতি। আইনজীবী জানান, তৈরির আগে অনুমতি নেওয়া হয়নি তবে পরে অনুমতির আবেদন করা হয়েছে। বিচারপতি সিনহা জানান, ওই নির্মাণের প্রোমোটারদের অবিলম্বে পুলিশ হেফাজতে পাঠানো দরকার।

এরপরই বিচারপতি সিনহা বলেন, ওই বেআইনি নির্মাণের জল ও বিদ্যুৎ সংযোগ অবিলম্বে বন্ধ করতে হবে। ৩০ দিনের মধ্য খালি করে দিতে হবে বহুতল। আর ওই বেআইনি নির্মাণের ২ প্রোমোটারদের ১ কোটি টাকার জরিমানার নির্দেশ দেন বিচারপতি। আগামী ১২ এপ্রিলের মধ্যে সেই টাকা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা করতে হবে বলে জানান বিচারপতি।

বিচারপতি এদিন এও নির্দেশ দিয়েছেন যে আদালতের অনুমতি ছাড়া ওই প্রোমোটাররা বিধাননগর পুর এলাকায় আর কোনও নির্মাণের কাজ করতে পারবেন না। তাদের সম্পত্তির খতিয়ান জমা করতে হবে আদালতে। এও বলা হয় যে ওই দুই প্রোমোটার আদালতের নির্দেশ ছাড়া কোনও সম্পত্তি কেনা-বেচা করতে পারবেন না। ওই বাড়িটি ৩০ দিনের মধ্যে খালি করে তা ভেঙে ফেলার নির্দেশ দিলেন এদিন বিচারপতি সিনহা।       

RELATED Articles