সপ্তাহের প্রথমদিনই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শহরে। কুঁদঘাটে ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে বস্তিতে ভয়াবহ আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। একের পর এক ঝুপড়িতে আগুন ধরে গিয়েছে বলে খবর। পরিস্থিতি মোকাবিলায় এসেছে দমকলের চারটি ইঞ্জিন।
এই মেট্রো স্টেশন লাগোয়া বস্তিতে শতাধিক মানুষের বাস। এদিন সকালে হঠাৎই কিছু পোড়া পোড়া গন্ধ অনুভব করেন স্থানীয়রা। এরপরই বাড়তে থাকে আগুন। গোটা বস্তিকে গ্রাস করে আগুন। আতঙ্কের জেরে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। চারিদিক কালো ধোঁয়ায় ভরে গিয়েছে।
তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু আগুনের দাপট এতটাই বেশি ছিল যে তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। এরপর আরও একটি দমকলের ইঞ্জিন আসে। আগুন নেভানোর কাজ চলছে।

কীভাবে এমন ভয়াবহ আগুন লাগল বস্তিতে, তা এখনও জানা যায়নি। ঝুপড়িবাসীদের ইতিমধ্যেই সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই বলেই জানা গিয়েছে। কীভাবে এমন বিধ্বংসী আগুন লাগল, তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।






