সম্প্রতি গোটা বাংলায় হিন্দি ভাষার আগ্রাসন নিয়ে ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে বিক্ষোভ। বাংলা এফএম চ্যানেল গুলিতে বাংলা গান না বাজানোর অভিযোগ দীর্ঘদিনের। বিখ্যাত বাংলা ব্যান্ড ভূমির অন্যতম সদস্য সৌমিত্র রায় যখন এই ব্যাপারে কথা বললেন তখন বিষয়টি এক অন্য মাত্রা পেল।
বাংলা শিল্পী পক্ষ নামে বাংলার একটি সংগঠনের তরফ থেকে সৌমিত্র রায়কে সম্প্রতি বাংলার বিভিন্ন এফএম চ্যানেল বাংলা গান না বাজানো নিয়ে একটি বাইট দিতে বলা হয়। সৌমিত্রকে একটি চিঠিও পাঠানো হয় বাংলা শিল্পী পক্ষের তরফ থেকে। সেখানে লেখা হয়, “একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং একজন সমাজ সচেতন সাংস্কৃতিক কর্মী হিসেবে আপনার কাছে অনুরোধ এফ এম গুলিতে বাধ্যতামূলক ভাবে বাংলা গান বাজানো, প্রধান সময়ে বাংলা স্বাধীন এবং চলচ্চিত্রের গান বাজানো, বাংলা গানের শিল্পীদের নিয়ে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান, বাংলার বিভিন্ন ধারার গান এবং বাংলা সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান প্রচারের দাবিতে সোচ্চার হোন।”
সম্প্রতি এই নিয়ে সৌমিত্র বাবু ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি বলেন যে বর্তমানে বাংলার এফএম চ্যানেল গুলোতে বাংলা গান শোনা যায় না। এমনকি এই চ্যানেলের সঞ্চালক অর্থাৎ যারা রেডিও জকি আছেন তারা কথা বলেন হিন্দি ভাষায়। কলকাতায় বসে এফএম রেডিও স্টেশন চালানো হচ্ছে অথচ সেই চ্যানেলের ভাষা হবে হিন্দি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মতামত দিয়েছেন সৌমিত্র বাবু।
রেডিও জকিদের হিন্দি বলতে বাধ্য করছে কর্তৃপক্ষ, এমনকি কিছু এফএম রেডিও স্টেশন এমনও বিজ্ঞাপন দিয়েছে যে তারা বাঙালি কাউকে কাজে নেবেনা। সৌমিত্র বাবু বলছেন যে আমার এফএম রেডিও স্টেশনও সম্প্রতি বন্ধ হয়ে গেল। বাংলার বহু শিল্পী যারা অত্যন্ত প্রতিভাবান যেমন রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্যের গান আমরা রেডিওতে শুনতে কোথায় পাই? প্রশ্ন করেছেন সৌমিত্র বাবু। তাই তিনি হাতজোড় করে অনুরোধ করেছেন যে এফএম রেডিও স্টেশনগুলি তে দয়াকরে বাংলা গান বাজানো শুরু হোক। ১০টা গানের মধ্যে অন্তত পাঁচটা গান বাংলা হোক। তাহলে বাংলা গান বাঁচবে, বাঁচবে বাংলা ভাষাও।





