ফের একবার খবরের শিরোনামে উঠে এল গার্ডেনরিচ। গতকাল, শনিবারই গার্ডেনরিচের এক পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে ১৮ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এবার সেই অঞ্চলের তৃণমূল কাউন্সিলরের ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হপ্ল বাড়ি থেকে। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
জানা গিয়েছে, কুকুরের গলার বেল্ট দিতে গলায় ফাঁস দেওয়া ছিল। এই মৃত্যু আদতে আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে বেশ ধন্দ রয়েছে। কোনও সুইসাইড নোট মেলেনি। এই খবর পেয়েই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ছুটে যান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কাউন্সিলর ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
কলকাতা পুরসভার ১৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হলেন রঞ্জিত শীল। তিনি ১৫ নম্বর বরোর চেয়ারম্যানও বটে। গতকাল, শনিবার রাতে তাঁর ফ্ল্যাট তথা দলীয় কার্যালয় থেকে তাঁর ছেলে পিন্টু শীলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনা দেখার পর তাঁর পরিবারের লোকজন তড়িঘড়ি পিন্টুকে খিদিরপুরের এক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে যে এই ঘটনা আত্মহত্যা। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, পিন্টুর সঙ্গে তাঁর স্ত্রীর বেশ ঝগড়াঝাঁটি হয়। তবে পিন্টুর স্ত্রীর দাবী, তাদের দাম্পত্য জীবনে কোনও সমস্যা ছিল না। তাহলে কেন আত্মহত্যা করলেন পিন্টু? সেই নিয়ে উঠেছে প্রশ্ন। সত্যিই কী এটা আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ তদন্ত করছে।
বলে রাখি, গতকাল, শনিবার গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডের পরিবহণ ব্যবসায়ী নিসার আলির বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। যা নিয়ে এখনও ওই এলাকায় চাঞ্চল্য রয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের তৃণমূল কাউন্সিলরের ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার। সব মিলিয়ে গার্ডেনরিচ এলাকায় এখন বেশ আলোড়ন তৈরি হয়েছে।





