ফের রাজ্যে ধরা পড়ল অস্ত্র পাচারের ঘটনা। কলকাতা থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বছর ৫৫-এর কুখ্যাত ব্যবসায়ী তপন সাহাকে। গতকাল, সোমবার সন্ধ্যায় কলকাতা পুলিশের এসটিএফের আধিকারিকরা দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে গ্রেফতার করেন ওই অভিযুক্ত ব্যবসায়ীকে। তার থেকে দু’টি ৭ এমএম আধা স্বয়ংক্রিয় পিস্তল ও দু’টি আধুনিক ‘ওয়ান শটার’ বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত তপনের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার মনসাবাড়ির নতুনপাড়ায়। অনেকদিন ধরেই এই অভিযুক্ত অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত এমনটাই জানিয়েছে পুলিশ। দমদম জিআরপিএস-এ ধৃত তপনের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে।
বলে রখি, এর আগে গত ৪ঠা নভেম্বর আমহার্স্ট স্ট্রিট থেকে ৪টি পিস্তল-সহ জয় চৌধুরী নামের এক ব্যক্তিতে গ্রেফতার করা হয়। তারও আগে ১১ অক্টোবর কার্বাইন এবং ১০টি পিস্তল পাচারের অভিযোগে এক জনকে গ্রেফতার করেছিল এসটিএফ। গত মাস থেকে এই নিয়ে কলকাতার বুকে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে তিন জনকে গ্রেফতার করল এসটিএফ।





