তিনি যুব তৃণমূলের সাধারণ সম্পাদক, বর্তমানে দলের রাজ্যস্তরের মুখপাত্রও বটে। নিউজ চ্যানেলে ডিবেট হোক কিংবা সোশ্যাল মিডিয়ার পোস্ট, তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এর খ্যাতি শাসক দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বের তুলনায় কম নয়। এর আগে করোনা পরিস্থিতিতে ভরা মাঠে সভা করে কিছুদিন আগেই জনরোষের মুখে পড়েছিলেন এই যুবনেতা। এবার ফেসবুকে একটি ভিডিওতে কিছু আলটপকা মন্তব্য করে আবার বিতর্কের মুখে পড়েছেন দেবাংশু।
ফেসবুকের মাধ্যমেই মূলত জনসংযোগ রক্ষা করেন দেবাংশু ভট্টাচার্য। সম্প্রতি তিনি একটি পোস্ট করেছিলেন যে মানুষ তাঁকে যা খুশি প্রশ্ন করতে পারে তিনি সেগুলোর উত্তর দেবেন। স্বাভাবিকভাবেই ঐ পোস্টের কমেন্ট বক্স ভরে যায় প্রশ্নের বন্যায়। দেবাংশুর হিসাব অনুযায়ী প্রায় ২৬০০টি প্রশ্ন তাঁকে করা হয়েছে। সেখান থেকে ৫০ টি প্রশ্ন বেছে নিয়ে তিনি পরবর্তী ভিডিওতে উত্তর দেন।
এখানেই বাঁধে গন্ডগোল। প্রথমেই বিরোধীদের দাবি যে, যে প্রশ্নগুলির শক্ত উত্তর হয় সেগুলি সুকৌশলে এড়িয়ে গেছেন দেবাংশু তার বদলে হু আর ইউ এর মত প্রশ্নের উত্তর দিয়েছেন এই যুবনেতা। এছাড়া একজন প্রশ্ন করেন যে, এসএসসি কবে হবে বুড়ো হয়ে গেলাম তো….
সেখানে দেবাংশু উত্তর দেন, “যদি বুড়ো হয়ে যান, তাহলে বার্ধক্য ভাতার জন্য আবেদন করুন।” তারপর জোকস অ্যাপার্ট বলে বিষয়টিকে সরিয়ে দেন কিন্তু ততক্ষণে যা সমস্যা হওয়ার হয়ে গিয়েছে। এই ভিডিও হু হু করে ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তৈরি হয় অজস্র মিম। বিরোধীরা বলতে শুরু করেন, বেকারত্বের জ্বালা এই ছাত্রনেতা কি তা তো উনি বোঝেন না। এসএসসি এই রাজ্যে কবে হবে তার সঠিক কোন উত্তর দেবাংশুর কাছে নেই তাই নিজেকে স্মার্ট প্রমাণ করতে এই উত্তর দিয়েছেন রাজ্য স্তরের এই নতুন মুখপাত্র।
এসএসসি পরীক্ষা বন্ধ আজ অনেক বছর হয়ে গেল, এর বিরুদ্ধে সরকারের কাছে আবেদন নিবেদন, কাকুতি-মিনতি সবটুকুই জানিয়েছেন প্রার্থীরা কিন্তু তৃণমূল সরকার এই ব্যাপারে এখনো কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি। তাই দেবাংশুর এই উত্তর যে স্বাভাবিকভাবেই এই মানুষগুলোর মনে আঘাত দেবে একথা বলাই বাহুল্য।
যদিও দেবাংশু ভট্টাচার্য এর তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোন আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।





