ব্যবসা শুরু করার স্বপ্ন দেখা এক গৃহবধূ মোটা অঙ্কের ঋণ পেলেই হয়তো জীবনে নতুন পথ খুলবে এই আশায় তিনি ভরসা করেছিলেন এক পরিচিত যুবকের উপর। কিন্তু সেই ভরসা যে তাঁকে চরম প্রতারণা ও ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে ঠেলে দেবে, তা কল্পনাও করেননি তিনি।
নদিয়ার রানাঘাটের বাসিন্দা ওই গৃহবধূ ব্যবসা শুরু করতে চেয়েছিলেন। সেই সময় পূর্ব বর্ধমানের বাসিন্দা আকিবুল শেখ নামের এক যুবক তাঁর সঙ্গে যোগাযোগ বাড়ায়। আকিবুল বালি এলাকার একটি টোলপ্লাজায় কাজ করে। অভিযোগ, ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধীরে ধীরে ওই গৃহবধূর আস্থা অর্জন করে সে। শুধু তাই নয়, নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেত তাকে।
গৃহবধূর দাবি, পরিচয়ের সূত্রে আকিবুল বারবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। একসময় তাকে দিঘায় বেড়াতে নিয়ে যায় অভিযুক্ত যুবক। অভিযোগ, সেখানকার একটি হোটেলে আকিবুল এবং তার এক বন্ধু মিলে তাঁকে গণধর্ষণ করে। অথচ প্রতিশ্রুত ব্যাঙ্ক ঋণের কিছুই মেলেনি। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা।
প্রথমে তিনি গাংনাপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেখান থেকে একটি জিরো এফআইআর নথিভুক্ত করে দিঘা থানায় পাঠানো হয়। পরে দিঘা থানার পুলিশ গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। ওই গৃহবধূর গোপন জবানবন্দি ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুনঃ শুল্কের দড়ি টানাটানি পেরিয়ে ফের মুখোমুখি ভারত-আমেরিকা, নয়াদিল্লিতে আসছেন মার্কিন প্রতিনিধিদলের প্রধান
শনিবার হাওড়ার বালি এলাকা থেকে আকিবুল শেখকে গ্রেফতার করে দিঘা থানার পুলিশ। রবিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তবে অভিযুক্তের এক সহযোগী এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পুরো চিত্র স্পষ্ট করার চেষ্টা চলছে।





