‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি…’, ক্লডিয়াস-নীরজদের কী বেমালুম ভুলেই গেলেন মমতা? মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক

ঝাড়গ্রামে বিরসা মুণ্ডার ১৫০তম জন্মদিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আদিবাসীদের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সেই সময়ই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে বলেন, ভারত নাকি আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। তাঁর এই মন্তব্য নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কী ক্লডিয়াস-নীরজদের কথা ভুলেই গেলেন মমতা!

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি এদিন মমতার প্রশংসায় বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী যে স্বপ্নের অ্যাকাডেমি তৈরি করেছেন, তাতে আমাদের একজন কৃতি ছাত্র জুয়েল সরকার ইন্ডিয়া টিমে রয়েছে। ট্রায়ালে প্রথম হয়েছে। স্কুল গেমসে ৩৩ জনের বাংলা টিম ২৩ জন ঝাড়গ্রাম অ্যাকাডেমি থেকে নির্বাচিত হয়েছে”।

তাঁর এই বক্তব্যের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “স্যালুট টু দেম। এদের যেন কোনও অসুবিধা না হয়। কোনও পরি কাঠামোর অভাব যেন না হয়। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। তোমরা পাবে, এই বিশ্বাস আমার আছে”। এই মন্তব্য করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় আর্চারি অ্যাকাডেমির ক্রীড়াবিদদের দিকে তাকিয়ে ছিলেন। যদি তিনি এই মন্তব্য শুধুমাত্র আর্চারি নিয়ে করে থাকেন, তাহলে তাতে কোনও ভুল নেই। কারণ আর্চারিতে ভারত সোনা তো দূর, কোনও পদকই পায়নি।

তবে মমতার এই মন্তব্যকে হাতিয়ার করেই কটাক্ষ শানাতে ছাড়ে নি বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি অযৌক্তিক মন্তব্য! অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় ক্রীড়াবিদদের কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এতে তাঁর অজ্ঞতা বা কেন্দ্র বিরোধী নীতি প্রচারের ইচ্ছাকৃত প্রচেষ্টাই প্রতিফলিত হয়েছে। কেন্দ্রের বিরোধিতা এক কথা, কিন্তু জাতীয় গৌরব ক্ষুণ্ণ করা অগ্রহণযোগ্য”।

আও পড়ুনঃ দুর্নীতির জেরে যে পড়ুয়ারা ট্যাবের টাকা পায় নি, তারা আর টাকা পাবে তো? ট্যাব দুর্নীতি নিয়ে প্রথমবার মুখ খুললেন মমতা 

বলে রাখি, এখনও পর্যন্ত অলিম্পিকে সব মিলিয়ে ১০টি সোনা পেয়েছে ভারত। এর মধ্যে দলগত ইভেন্ট হকি থেকে মিলেছে ৮টি সোনা। ১৯২৮, ১৯৩২, ১৯৩৬, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৬, ১৯৬৪, ১৯৮০ সালে হকিতে সোনা পেয়েছিল ভারত। ভারতের সবথেকে সফল অলিম্পিয়াড লেসলি ক্লডিয়াস কলকাতারই বাসিন্দা ছিলেন। ১৯৪৮, ১৯৫২ ও ১৯৫৬ সালে সোনা পেয়েছিলেন তিনি। ১৯৬০ সালের রোম অলিম্পিকে রুপো জিতেছিলেন দলের সঙ্গে। এছাড়াও ব্যক্তিগত ইভেন্টে ২০০৮ অলিম্পিকে প্রথম সোনা পেয়েছিল ভারত। সেই বছর ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। ২০২১ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে ভারতের হয়ে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া।

আরও অন্যান্য খবর