সম্প্রীতির বার্তা দিয়ে নজির করল ভারতীয় সেনা। ভারতীয় সেনার হাতে নিহত এক পাকিস্তানি সেনা অফিসারের জীর্ণ সমাধিস্থল পুনর্নির্মাণ করল ভারতীয় সেনা।
টুইটে ভারতীয় সেনা জানায়, ‘‘একজন মৃত সৈনিক, তিনি যে দেশেরই হোন না কেন, মৃত্যুর ক্ষেত্রে সম্মানের দাবি রাখেন। ভারতীয় সেনাবাহিনী এটা বিশ্বাস করে। সারা বিশ্বের কাছে এটাই ভারতীয় সেনার স্বরূপ।’’
১৯৭২ সালে ভারত-পাকিস্তান সীমান্তরেখার কাছেই প্রাণ হারিয়েছিলেন পাকিস্তানি মেজর মহম্মদ শাবির খান (Mohammad Sabir Khan)। তারপর ভারতেই সমাধিস্থ করা হয় তাঁকে। সময়ের ভারে ক্রমে জীর্ণ হয়ে যায় সমাধিস্থল। আর সেই কবর নতুন করে পুনর্নির্মাণ করল ভারতীয় সেনা (Indian Army)। বৃহস্পতিবার একটি টুইটে এই কথা জানিয়েছে চিনার কর্পস।
https://twitter.com/ChinarcorpsIA/status/1316765649331339264
শ্রীনগরে অবস্থিত চিনার কর্পস ওই পাকিস্তানি মেজরের কবরের একটি ছবিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, কবরের এপিটাফে লেখা রয়েছে, ১৯৭২ সালের ৫ মে বিকেল সাড়ে চারটের সময় ‘সিতারা-এ-জুররত’ পদাধিকারী ওই সেনা অফিসার মারা যান।
চিনার কর্পস তাদের করা টুইটে জানিয়েছে, ‘‘ভারতীয় সেনার ঐতিহ্য ও নীতি অনুসরণ করে চিনার কর্পস পাকিস্তান সেনার সিতারা-এ-জুররত মেজর মহম্মদ শাবির খানের কবরটি পুনর্নির্মাণ করেছে। ১৯৭২ সালের ৫ মে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষ চলাকালীন তিনি প্রাণ হারান।’’
ভারতীয় সেনার এহেন মানবিক রূপ আগেও দেখা গিয়েছে। মাসখানেক আগেই ১৭ হাজার ৫০০ ফুট উঁচুতে উত্তর সিকিমে ভারত-চীন সীমান্ত সংঘর্ষের সময় পথ হারিয়ে ফেলা তিনজন চীনা নাগরিককে উদ্ধার করেছিল ভারতীয় সেনা। ভারতের দিকে চলে আসা ওই তিন চীনা নাগরিক তীব্র শীতের কামড়ে দীর্ঘক্ষণ জল ও খাদ্যের অভাবে অসুস্থ পড়েছিল। তাঁদের গরম কাপড়, খাবার, ওষুধ ও অক্সিজেন সিলিন্ডার ও দেওয়া হয়। এরপর তাঁদের চীনের উদ্দেশ্যে রওনা করানো হয়।





