নদীর মধ্যেই চলছে হাতাহাতি। সামনে এল গালওয়ান সংঘর্ষের ভিডিও। চীনের এই নতুন ভিডিওতে দেখা গিয়েছে অনেক কিছুই। ভিডিওতে ধরা পরেছে পাথর ছোড়া ছুড়ি ও হাতাহাতির দৃশ্য। কিন্তু এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য আসেনি ভারত এবং চীন সরকারের তরফ থেকে।
ভিডিওটি পাওয়া যায় টুইটার থেকে। ওপেন-সোর্স গোয়েন্দা বিশেষজ্ঞের টুইটারে দেওয়া হয় একটি ৪৫ মিনিটের ভিডিও। যদিও ভিডিওর সত্যতা এখনো যাচাই করা হয়নি। কিন্তু সেই ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যেই। সঙ্গে সেই ভিডিওতে লেখা রয়েছে, ‘পিপলস লিবারেশন আর্মির এক মৃত পরিবারের ভিডিও সাক্ষাৎকারের অংশবিশেষ। ৪৫ সেকেন্ডের ভিডিও ফুটেজে গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষ, পাথর ছোড়া ছুড়ি, হাতাহাতি নদীর অবস্থান এবং চিনা সরঞ্জাম দেখানো হয়েছে।’
গত বছর জুন মাসে ঘটেছিল গালওয়ান সংঘর্ষ। তারপর চলতি বছরের ফেব্রুয়ারিতে চীনের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ হয়। সেই ভিডিও মারফত সমস্ত দায়ভার বিদেশি বাহিনীর ওপর চাপিয়ে দিয়েছিলেন তাঁরা। এরই মধ্যে প্রকাশ পেয়েছে এই নয়া ভিডিও। দেখা গিছে ভিডিওতে, খরস্রোতা নদীর পাশে একটি ছাউনি রয়েছে। সেখানে কয়েকজন ফৌজি রয়েছেন দাঁড়িয়ে। এরপর কয়েকজন ছুটে আসে সেই দিকে। তারপরই সেখানে পাথর ছোড়া ছুড়ি হতে থাকে এবং সামনে আসে হাতাহাতির দৃশ্য। এমনকি নদীতে চীনাদের ভেসে যাওয়া ও তা উদ্ধার করার মত দৃশ্য ধরা পরেছে ভিডিওতে। ৪৫ সেকেন্ডের ভিডিওতে একজন চীনা ভাষ্যকারকেও বলতে শোনা গিয়েছে।
এদিকে এই ভিডিও সামনে আসার আগেই শনিবার দিন দ্বাদশ কমান্ডার পর্যায়ের বৈঠক বসে ছিল ভারত এবং চিনা সেনার মধ্যে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীনের দিকে মলডোয় বৈঠক বসে। সেই বৈঠকের সময় ছিল সকাল ১০টা ৩০ মিনিট। বৈঠক শেষে হয় সন্ধ্যায়। সময় ৭টা ৩০ মিনিট। প্রায় ৪৮ ঘণ্টার বৈঠক হয় শনিবার দিন।
দুই দেশের মধ্যে থেকে যৌথ বিবৃতি দিয়ে জানানো হয়, ‘গঠনমূলক’ বৈঠকে সীমান্ত সমস্যা দূর করার জন্য দ্রুত সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে। ‘ওয়েস্টার্ন সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বাকি এলাকাগুলি থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে কথা হয়েছে বৈঠকে। পাশাপাশি বিস্তারিতভাবে মতামত আদান প্রদান করা হয়েছে।’
একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছে। ভারত-চীন সীমান্তের হট স্প্রিং এবং গোগরা থেকে সেনা সরানোর পরিকল্পনা তৈরির দিকে এগিয়ে যাচ্ছে সকলে। তবে সেই সেনা আধিকারিক নাম গোপন রাখার শর্ত রেখেছেন।
গত বছরের ১৫ জুন গালওয়ান সংঘর্ষ ছিল এক রক্তক্ষয়ী সংঘর্ষ। যাতে প্রাণ হারিয়েছেন অনেকেই। কিন্তু এবার সেই সংঘর্ষ সম্পর্কিত ভিডিও সামনে আসার পর, দুই সরকারের তরফ থেকে কোনো মন্তব্যই করা হয়নি। এদিকে এখনো পর্যন্ত ভিডিওর সত্যতাও জাচাই হয়নি। তবে এই ৪৫ সেকেন্ডের ভিডিওতে গালওয়ান সংঘর্ষের অনেক মুহূর্ত উঠে এসেছে।





