কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে করোনা ভ্যাকসিন প্রস্তুত হলে তা ভারতবাসীকে বিনামূল্যে দেওয়া হবে। গোটা দেশের মানুষের অর্থনৈতিক দিক খেয়াল করেই এমন মন্তব্য করেন মোদী। কিন্তু তাঁর এই সিদ্ধান্তের উপর আঙ্গুল তোলেন ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিউটের শীর্ষকর্তা আদর পুনাওয়ালা। কেন্দ্রের কাছে তিনি প্রশ্ন করেন প্রত্যেক ভারতবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার জন্য যে ৮০ হাজার কোটি টাকার প্রয়োজন, সেই অর্থ কেন্দ্র জোগাড় করতে পারবে কী না। এবার সেই প্রশ্নেরই জবাব দিল স্বাস্থ্যমন্ত্রক। তাঁদের দাবী, সেরাম কর্তার হিসেব ভুল। দেশব্যাপী করোনার টিকা পৌঁছে দিতে অত টাকা খরচ হবে না।
দিন চারেক আগে আদর পুনাওয়ালা একটি বিস্ফোরক টুইট করেন। সেখানে তিনি কেন্দ্র সরকার ও স্বাস্থ্যমন্ত্রকের কাছে জানতে চান যে সরকারের কাছে ৮০ হাজার কোটি টাকা আছে তো? কারণ গোটা দেশের মানুষকে করোনা ভ্যাকসিন দিতে এই পরিমাণ টাকাই খরচ হতে পারে বলে তাঁর দাবী। আগামী এক বছরের মধ্যে এই বিপুল অর্থ জোগাড় করতে সরকার সক্ষম কী না, এও প্রশ্ন রাখেন পুনাওয়ালা। ভারতের ও বিদেশের ভ্যাকসিন প্রস্তুতকারকদের নির্দিষ্ট গাইডলাইন দেওয়া প্রয়োজন। তাছাড়া, ভারতের জন্য কত টিকার প্রয়োজন, তা কীভাবে সরবরাহ হবে, তা নিয়ে ভাবনাচিন্তার জন্যই এমন প্রশ্ন তিনি করেছেন বলে পুনাওয়ালার দাবী।
তাঁর এই প্রশ্নের সরাসরি জবাব দিল স্বাস্থ্যমন্ত্রক। মঙ্গলবার এক সংবাদসম্মেলনে স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানান, তারা পুনাওয়ালার সঙ্গে খরচার বিষয় নিয়ে সহমত নন। সারা দেশে করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য ৮০ হাজার কোটি টাকা খরচ হবে না। সরকাররে তরফ থেকে ভ্যাকসিন বিতরণের জন্য বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। এরইমধ্যে গোটা পাঁচেক বৈঠকও করা হয়েছে। সেই বৈঠকে, ভ্যাকসিনের খরচ ও ভ্যাকসিন কাদের আগে দেওয়া হবে, সে বিষয়গুলি নিয়ে আলোচনা করাও হয়েছে। তাঁদের হিসেব অনুযায়ী, যে টাকাটা প্রয়োজন, তা সরকারের কাছে আছে।
অন্যদিকে, আরএসএসের শাখা সংগঠন স্বদেশি জাগরণ মঞ্চ হুমকি দিয়েছে পুনাওয়ালাকে। তাঁদের দাবী, আদর পুনাওয়ালাকে দরকার পড়লে ভারতবাসীর কথা ভেবে বিনামূল্যে ভ্যাকসিন তৈরি করতে হবে।





