ভয়ংকর দুর্ঘটনা ঘটে গেল ছত্তীশগড়ে। চলন্ত বাসের সঙ্গে ধাক্কা ট্রাকের। যাত্রীবাহী এই বাসে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ শিশু-সহ ৭ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিনজন।
আজ, সোমবার ভোর চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে। রায়পুর থেকে রেনুকুট যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। প্রবল গতিতে চলছিল বাসটি। এর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে সেটি। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় লোকজন। তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। তারপর পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় এক শিশু-সহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয় বলে খবর। স্থানীয়দের কথা অনুযায়ী, বাসটির গতিবেগ অত্যন্ত বেশি ছিল। পুলিশের অনুমান, ভোরবেলা গাড়ি চালাতে চালাতে চালক হয়ত ঘুমিয়ে পড়েছিলেন। যাত্রীরাও ঘুমন্ত অবস্থাতেই ছিলেন বলে অনুমান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের আঘাত তেমন গুরুতর ছিল না। তাই তাকে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। তবে বাকি দু’জন গুরুতর আহত হয়েছেন। এই কারণ তাঁদের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবী, এই দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।





