সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পাহালগামে সন্ত্রাসী হামলার পর ভারতের প্রতিক্রিয়া এবং পাকিস্তানের পাল্টা অবস্থানের কারণে পরিস্থিতি জটিল হচ্ছে। এই অনিশ্চয়তার আবহে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে—আবার কি যুদ্ধের দিকে যাচ্ছে উপমহাদেশ? এমন অবস্থায় নাগরিক নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।
এই উদ্বেগপূর্ণ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। জনসাধারণকে রক্ষা করতে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক পরিকাঠামো শক্তিশালী করাই সরকারের প্রধান লক্ষ্য। তারই অংশ হিসেবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৮ মে (শুক্রবার) সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, ১৯৬৮ সালের “The Civil Defence Act” অনুযায়ী ১১ নম্বর ধারা অনুসারে জরুরি অবস্থাকালীন বিশেষ ক্ষমতা বলবৎ করতে হবে। এই নির্দেশনামায় বলা হয়েছে, সম্ভাব্য সংকটজনক পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন যেন সজাগ এবং প্রস্তুত থাকে।
এই নির্দেশ কার্যকর হলে রাজ্য সরকারগুলি একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবে। এর মধ্যে রয়েছে — জনসমাগম নিয়ন্ত্রণ, গোষ্ঠী জমায়েত নিষিদ্ধকরণ, খাদ্য ও জ্বালানির সরবরাহ সংরক্ষণ, গুরুত্বপূর্ণ পরিকাঠামো যেমন বিদ্যুৎ ও জল সরবরাহ ব্যবস্থার সুরক্ষা, এবং জরুরি সামগ্রী কেনার ক্ষমতা প্রদান। এই ধারা বলবৎ করলে জেলা স্তরে সিভিল ডিফেন্সের কার্যকারিতা বাড়বে, যার মাধ্যমে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে পারবে যেকোনও সংকট পরিস্থিতিতে।
আরও পড়ুনঃ India pakistan war : সেনা সূত্রে চাঞ্চল্যকর তথ্য! ৮ মে-র রাতে পাকিস্তান ৫০০ ড্রোন পাঠিয়ে ছড়াতে চেয়েছিল আতঙ্ক, নিশানায় ছিল ২৪টি শহর!
সরকারি সূত্র জানিয়েছে, এটি শুধুমাত্র একটি সতর্কতামূলক পদক্ষেপ। পরিস্থিতির আরও অবনতি না হলেও, আগে থেকেই প্রস্তুতি রাখা জরুরি বলে মনে করছে কেন্দ্র। সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং শুধুমাত্র সরকারিভাবে প্রচারিত তথ্য অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আতঙ্ক নয় বরং সতর্কতা ও সচেতনতার মাধ্যমে এই মুহূর্তে সকলের সহযোগিতা প্রয়োজন।






