দেশে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াতেই শুরু হয়েছে নতুন ধরনের অসভ্যতা। বিরক্ত করার জন্য ‘করোনা ভাইরাস’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে মানুষকে, এই হীন কাজ করছেন কিছু মানুষই। দিল্লিতে সম্প্রতি এরকমই একটি ঘটনায় নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। দিল্লির বিজয় নগর এলাকায় মাঝ রাস্তায় স্কুটি থামিয়ে সটান মহিলার গায়ে পানের পিক ফেলেন এক ব্যক্তি। তারপরেই ওই ব্যক্তি ‘করোনাভাইরাস’ বলে মহিলার উদ্দেশে চেঁচিয়ে ওঠেন। তবে পালানোর আগেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বছর ৪০-এর গৌরব ভোরা নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। রাজধানীর বিজয় নগর এলাকায় ওই মহিলার গায়ে পানের পিক ফেলেছেন তিনি। এখানেই শেষ নয়। প্রকাশ্য রাস্তায় মহিলাকে করোনাভাইরাস বলে কটূক্তিও করেন তিনি। আর এই অপরাধেই গৌরবকে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। কেন সে এই কাজ করেছে তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে তার স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার বিজয়ন্ত আর্য।
দেশজুড়ে লকডাউন অমান্য করলেই চলছে ব্যাপক ধরপাকড়। কলকাতাতেও গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে ৮৭১ জন। তবে করোনা আতঙ্কের মাঝে রাজধানী শহর দিল্লিতে ঘটা এই ঘটনায় হতবাক পুলিশও।এদিকে ক্রমশই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন করোনা সংক্রমণে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬০৬। দুই বিদেশি-সহ মৃত্যু হয়েছে মোট ১৪ জনের। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন। বুধবার তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে।





