ভারতের হাতে একাধিক জঙ্গিকে তুলে দিল মায়ানমার

লকডাউনে স্তব্ধ গোটা দেশ। এরমাঝেই আন্তর্জাতিক কূটনীতিতে  বড় সাফল্য পেল ভারত। একাধিক জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী নেতাকে ভারতের হাতে সমর্পণ করল মায়ানমার। এনএসএ অজিত দোভালের হাত ধরেই এই অভাবনীয় সাফল্য পেয়েছে ভারত।

জাতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মোট ২২ জন জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীকে ভারত সরকারের হাতে তুলে দিয়েছে মায়ানমার সেনাবাহিনী। গত শুক্রবার তাদের ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়। এরা অসম ও মণিপুরের ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা সন্ত্রাসবাদী বলে জানা গিয়েছে। বিশেষ বিমানে তাদের নিয়ে আসা হয়েছে ভারতে।

ভারত ও মায়ানমারের বন্ধুত্বের জন্যই এটা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন এক উচ্চপদস্থ কর্তা। অসম ও মণিপুরের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই জঙ্গিদের। পুরো অপারেশনটাই হয়েছে অজিত দোভালের নেতৃত্বে।

যাদের ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে তারা হল, ক্যাপ্টেন সানাতোম্বা নিংথোজাম (UNLF), লেফট্যানেন্ট পশুরাম লাইশ্রাম (PREPAK-PRO), রাজেন দাইমারি, ক্যাপ্টেন সানসুমা বসুমাতারি (NDFB-S) প্রমুখ। এদের মধ্যে ১২ জনের কার্যকলাপ মণিপুর ও বাকিদের অসমে।

মায়ানমারের ১৬০০ কিলোমিটার সীমান্ত জুড়ে ঘাঁটি গেড়ে থাকে এই জঙ্গিরা। গত কয়েক বছরে এইসব জঙ্গিদের খুব বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। এরপর অপারেশন চালাতে রাজি হয় মায়ানমার সেনা। সেইমত গত বছর ফেব্রুয়ারি, মার্চ মাসে ভারতীয় গোয়েন্দাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে একটানা অভিযান চালায় মায়ানমার। তাগা- তে একাধিক টেরর ক্যাম্পে হামলা চালায় মায়ানমার মিলিটারি। ধরা পড়ে এই সন্ত্রাসবাদীরা।

আরও অন্যান্য খবর