রামায়ণ, মহাভারত ও হিন্দু ধর্মগ্রন্থ ভাগবত গীতা ভারতীয় সত্ত্বার আধার! আর সেই জন্যই এবার ১০০টি মাদ্রাসায় পড়ানো হবে ভাগবত গীতা ও রামায়ণ। ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং’-এর (NIOS) অন্তর্গত মাদ্রাসাগুলিতে অন্তর্ভুক্ত করা হবে প্রাচীন ভারতীয় দর্শন এবং ঐতিহ্য নিয়ে পাঠ্যক্রম।
প্রসঙ্গত উল্লেখ্য, বিগত ২০২০ সালের জুলাই মাসে প্রায় ৩৪ বছর পর বদল আসে নয়া জাতীয় শিক্ষানীতিতে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা, আমূল পরিবর্তন হয় শিক্ষা ব্যবস্থার। এবার কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতি মেনেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।
NIOS-এর চেয়ারম্যান সরোজ শর্মা জানিয়েছেন, আপাতত ১০০টি মাদ্রাসায় তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে থাকছে গীতা-রামায়ণ। ভবিষ্যতে ৫০০টি মাদ্রাসায় চালু হবে এই বিষয়ে পাঠদান। বর্তমানে ‘ভারতীয় জ্ঞান পরম্পরা’র উপর ১৫টি কোর্সও তৈরি করা হয়েছে। সেখানে বেদ, যোগ, বিজ্ঞান, রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্যের বিষয়ে পাঠ থাকবে। প্রসঙ্গত, ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং’ একটি স্বয়ংশাসিত প্রতিষ্ঠান। যদিও শিক্ষামন্ত্রকের অধীনস্থ এই সংস্থা। মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে এই পাঠ্যক্রম উন্মোচন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল।





