দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের গন্ডি পেরিয়ে ফেলেছে। মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে হাজারের উপর। এই মুহূর্তে ত্রস্ত গোটা দেশ। তবু এরমাঝেও যে খবর দেশবাসীকে স্বস্তি দিল, তা হল, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম কমল সিলিন্ডার প্রতি ১৯০ টাকা করে। এই খবরে অনেকটাই আশ্বস্ত হলেন দেশবাসী।
এর ফলে এখন প্রতি সিলিন্ডার দাম কমে দাঁড়িয়েছে ৫৮৪ টাকা ৫০ পয়সা। এর ফলে মধ্যবিত্তের রান্নার গ্যাসের জন্য আর চিন্তা করতে হবে না। শুধু রান্নার গ্যাস নয়। ভর্তুকিবিহীন যে বাণিজ্যিক গ্যাস আছে সেখানেও সিলিন্ডার প্রতি দাম কমেছে ২৬২ টাকা ৫০ পয়সা। এই গ্যাসের দাম এখন সিলিন্ডার প্রতি ১০৮৬ টাকা হয়েছে।
করোনার জেরে এখন বাজার রীতিমত আগুন। বাইরের রাজ্যের কোনো শাক সবজির গাড়ি ঢুকছে না। ফলে দাম বাড়ছে জিনিসপত্রের। তখন রান্নার গ্যাসের চড়া দাম কোথাও গিয়ে চিন্তা বাড়িয়েছিল মধ্যবিত্তের। শুক্রবারের এই খবর কোথাও গিয়ে চাপ কমাল সাধারণ মানুষের। এবার নিশ্চিন্তে রান্না করতে পারবেন গৃহিণীরা। এমনিতেই চাকরির ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন সকল সাধারণ মানুষ। অনেকেই দুমাসের বেতন পাননি। কীভাবে সংসার চালাবেন বুঝতে পারছেন না। রান্নার গ্যাস অনেকের কাছেই বিলাসিতা লাগছিল এইসময়। এই খবর খানিকটা হলেও স্বস্তির হাওয়া আনল এই পরিবারগুলোতে।
অন্যদিকে, শুক্রবার শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত দেশে মোট করোনা সংক্রামিত ব্যক্তিদের সংখ্যা ৩৫০৪৩, মৃত ১১৪৭। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮৮৯ জন।






