গালওয়ান উপত্যকা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েই চলেছেন রাহুল গান্ধী। শুক্রবার একটি ভিডিও বার্তায় তিনি নিজের স্বভাবসিদ্ধ ঢঙে কটাক্ষ করেন, গত ছয় বছর ধরে ভারতের অর্থনীতি, বিদেশ নীতি সমস্যায় জর্জরিত। পড়শি দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি চীনকে ভারতের বিরুদ্ধে আগ্রাসী হতে সাহায্য করেছে। কেনও ভারতের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ করল চীন তা নিয়ে মোদী সরকারকে একগুচ্ছ প্রশ্নবাণ ছোড়ার সঙ্গেই ভিডিওতে উত্তরও দিয়ে দিয়েছেন রাহুল স্বয়ং। তাঁর কথায়, গত ছয় বছর ধরে ভারত প্রায় সবদিক থেকেই দুর্বল হয়েছে। এমনকী, কেন্দ্রের ভ্রান্ত নীতি ও দূরদর্শিতার অভাবের জেরে প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে বলে অভিযোগ হেনেছেন রাহুল।
টুইটারে প্রাক্তন কংগ্রেস সভাপতি লেখেন “২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর ক্রমাগত ভুল পদক্ষেপ ভারতকে আরও দুর্বল করেছে। দেশকে আরও সমস্যার মুখে ঠেলে দিয়েছে। বর্তমানের ভৌগোলিক রাজনীতির ক্ষেত্রে ফাঁকা আওয়াজে কাজ হয় না।” এর সঙ্গেই ভিডিওটি শেয়ার করেছেন তিনি। সেখানে ভারতের লাদাখ সীমান্তে চিনের আগ্রাসনের কারণ নিয়ে আলোচনা করেছেন তিনি। ভিডিওতে রাহুল প্রশ্ন তুলেছেন, “এই সময়েই “কেন চীন আগ্রাসন দেখাল? মন কী পরিস্থিতি হল, যাতে চিনের এটা মনে করার সাহস হল যে এই সময়েই ভারতের বিরুদ্ধে আগ্রাসন দেখানো যায়?” এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রকে কার্যত তুলোধোনা করেছেন রাহুল ।





