সুদূর চীনে করোনা ভাইরাস সংক্রমণের পর থেকেই করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কায় সামনে এসেছে নানান গুজব। তবে এবার দিল্লি ও তেলঙ্গানার বাসিন্দার মধ্যে করোনা ভাইরাস-এর সংক্রমণ ধরা পরার পর থেকেই চিন্তার ভাঁজ স্বাস্থ্য দফতরের কপালে। আগে থেকেই সাম্প্রদায়িক হিংসায় রক্তাক্ত রাজধানী তারপরে করোনা ভাইরাস-এর সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় আরও উত্তেজনা ছড়াল দিল্লি ও তার আশপাশের এলাকায়।
জানা গেছে ইতালি-ফেরত দিল্লির বাসিন্দার থেকে ভাইরাসের সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। ওই ব্যক্তির ছেলেমেয়েরা যে স্কুলে পড়াশোনা করে, নয়ডার সেই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষাও।জানা গেছে ইতালি থেকে ফেরার পরেই জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হন ওই ব্যক্তি। এরপর গত সপ্তাহে তাঁর বাড়িতে জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে তাঁর ছেলেমেয়েরা ছাড়াও তাদের স্কুলের বন্ধুবান্ধব ও তাদের অভিভাবকরাও হাজির ছিল। সেখান থেকে কোনও শিশুর শরীরে সংক্রমণ ছড়িয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। সেই অনুষ্ঠানে উপস্থিত নিমন্ত্রিতদের মধ্যে কারও জ্বর বা নিউমোনিয়ার সংক্রমণ দেখা দিচ্ছে কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে বলে খবর ।
জানা গেছে নয়ডার ওই স্কুলে আজ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় কোনোরকম ঝুঁকি নিতে চায় না স্কুল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, সকলের স্বাস্থ্য পরীক্ষার পরেই স্কুল খোলা হবে। তার আগে কোনওরকম ঝুঁকি নেওয়া হবে না।





