ছোটোবেলা থেকেই আমরা সকলে ইংরেজির প্রথম ধাপ হিসেবে শিখে এসেছি এ ফর অ্যাপেল, বি ফর বল। কিন্তু সেই বহু পরিচিত বইয়ের ভাষাই বদলে দিল উত্তরপ্রদেশ। এখানেই একটি স্কুলে ছোটোদের ইংরেজির প্রথম ধাপের বইতে দেখা গেল অন্য কাহিনীই।
এই বইয়ের মাধ্যমে শিশুরা এ ফর অ্যাপেলের জায়গায় শিখছে এ ফর ‘অর্জুন’। আর বি ফর বলের জায়গায় এসেছে বি ফর ‘বলরাম’। ঠিক তেমনিই আবার সি ফর ‘ক্যাট’এর জায়গায় হল ‘চাণক্য’। ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষর এমন পৌরাণিক বা কোনও ঐতিহাসিক চরিত্রের নাম দিয়ে সাজানো হয়েছে।
লখনউয়ের আমিনাবাদ ইন্টার কলেজে ছোটোদের বইতে ইংরেজি বর্ণমালা এভাবেই বদল ঘটানো হয়েছে। উদ্দেশ্য, ছোটো থেকেই শিশুদের মধ্যে দেশের ইতিহাস এবং পুরাণ সম্পর্কে সচেতনতা বিস্তার করা। ইংরেজি অক্ষরগুলিকে কাজে লাগিয়ে স্কুল কর্তৃপক্ষ দেশের ইতিহাস ও পুরাণের নানা চরিত্র ছোটদের চেনাতে চেয়েছে। এ ক্ষেত্রে, ডি-তে রয়েছেন ধ্রুব, ই-তে একলব্য, আই-তে ইন্দ্র এবং এইচ চিনিয়েছে হনুমানকে।

লখনউয়ের ওই কলেজের অধ্যক্ষ সাহেব লাল মিশ্র এই বিষয়ে বলেন, “ভারতীয় সংস্কৃতি সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণা খুব কম। তাই আমরা ওদের জ্ঞান বাড়ানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি”। ইংরেজির পাশপাশি হিন্দি অক্ষরের ক্ষেত্রেও এই একই পন্থা অবলম্বন করা হয়েছে বলে তিনি জানান। তবে হিন্দিতে অক্ষরমালা বেশি থাকায় সেই তালিকা প্রস্তুত করতে একটু বেশি সময় লাগছে।
শুধুমাত্র পুরাণ বা ইতিহাসের চরিত্রের নামই নয়, সেই চরিত্র সম্পর্কে বর্ণনাও দেওয়া রয়েছে ছোটোদের ওই বইতে। স্কুলের তরফেই তৈরি করা হয়েছে সেই তালিকা। বলে রাখি, লখনউয়ের এই স্কুলটি ১২৫ বছরের পুরনো। ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুল। ছোটোদের বইতে এই ধরণের উদ্যোগ নজর কেড়েছে সকলের।





