আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ছিল আর জি করের ঘটনার শুনানি। এদিন সিবিআই অন্তর্বর্তী রিপোর্ট পেশ করে শীর্ষ আদালতে। সেই রিপোর্ট দেখে রাজ্য পুলিশকে তুলোধোনা করেন প্রধান বিচারপতি। ঘটনার বিবরণ অসন্তোষ প্রকাশ করা হয় সুপ্রিম কোর্টের তরফে। এদিন শুনানির শেষ আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানান প্রধান বিচারপতি।
এদিন শীর্ষ আদালতের তরফে জানানো হয়, কর্মবিরতির জন্য বা আন্দোলনের জন্য কোনও চিকিৎসকের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট। হাসপাতাল কর্তৃপক্ষ যদি চিকিৎসকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়, তাহলে সেই ঘটনায় পদক্ষেপ করবে সুপ্রিম কোর্ট, এমনটাই জানানো হয়েছে। শীর্ষ আদালতের আশা, নিরাপত্তা নিয়ে সুনিশ্চিত হয়ে এবার চিকিৎসকরা নিশ্চয় কাজে ফিরবেন। প্রধান বিচারপতি বলেন, যতক্ষণ না এনটিএফ-এর রিপোর্ট আসছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা না করে যাতে চিকিৎসকরা কাজে যোগ দেন। চিকিৎসা ক্ষেত্রে যাতে কোনও রকম ঘটনা না ঘটে, নিরাপত্তা বিঘ্নিত না হয় সে বিষয়ে রাজ্য সরকারকে সতর্ক থাকতে হবে।
আরও পড়ুনঃ ‘সব পাল্টে দেওয়া হয়েছে, ক্রাইম সিন বদলে দেওয়া হয়েছে’, সুপ্রিম কোর্টে দাবী সিবিআইয়ের
সুপ্রিম কোর্টের নির্দেশ, রাজ্যকেই চিকিৎসকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এজন্য় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজ্যগুলির মুখ্যসচিবদের সঙ্গে কথা বলবেন। প্রয়োজনে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে কথা বলে চিকিৎসদের নিরাপত্তার ব্যবস্থা করবে। ১ সপ্তাহের মধ্য়ে এই কাজ শেষ করতে হবে। রাজ্যকে সর্বোচ্চ ২ সপ্তাহ সময় দেওয়া যেতে পারে।





