তৃতীয় দফার মেয়াদের অন্তিম দিনে ৩১শে মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউন ঘোষণা রাজ্যের।

করোনা সংক্রমণে মৃত ও আক্রান্তের তালিকায় শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। তৃতীয় স্থানে তামিলনাড়ু। প্রথম রাজ্যে সংক্রমনের সংখ্যা ৩০ হাজারের‌ও বেশি এবং তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ১০ হাজার।

এই দুই রাজ্য‌ই এবার তৃতীয় দফার লকডাউনের মেয়াদ শেষের আগেই চতুর্থ দফার লকডাউন ঘোষণা করল। ৩১ মে পর্যন্ত হবে এই লকডাউন।

আজই তৃতীয় দফার লকডাউন এর শেষ দিন। তবে, আগামী আরও দু’সপ্তাহ লকডাউন জারি থাকবে বলে জানা যাচ্ছে। এ বার বিমান, মেট্রোর মতো আরও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

দেশের মোট করোনা সংখ্যার এক তৃতীয়াংশ‌ই মহারাষ্ট্র থেকে। গত শনিবার ৩০ হাজার ছাড়ায় করোনা আক্রান্তের সংখ্যা। এক দিনে ১৬০০ নতুন করোনা পজেটিভের হদিশ মিলেছে। মনে করা হচ্ছে মে মাসের শেষে এই সংখ্যাটা দাঁড়াতে পারে প্রায় ৫০ হাজার। এই অবস্থায় কোনও ঝুঁকি না নিয়ে কেন্দ্রের ঘোষণার আগেই ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিল উদ্ধব ঠাকরের সরকার।

প্রসঙ্গত, এখন যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছে মুম্বাই। শনিবার শুধুমাত্র বাণিজ্য নগরীতেই নতুন করে করোনা সংক্রমণের খবর মিলেছে প্রায় ৮৮৪। কেন্দ্রের থেকে শুধুমাত্র মুম্বইয়ের জন্য বিশেষ প্যাকেজ দাবি করেছেন উদ্ধব ঠাকরে।

মহারাষ্ট্রের সঙ্গে একই পথে তাল মেলাচ্ছে তামিলনাড়ুও। আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সঙ্গে সঙ্গে ২৪ জেলায় বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেয় এআইডিএমকে সরকার। তবে, কনটেন্টমেন্ট জ়োনে লকডাউন কোনওভাবে শিথিল হচ্ছে না। চেন্নাই-সহ ১২ জেলায় ট্যাক্সি, অটো-রিক্সা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিলনাড়ুতে করোনা আক্রান্ত ১০৫৮৫। সেই নিরিখে মৃত্যু অনেক কম। ৭৪ জনের মৃত্যু হয়েছে। সাড়ে ৩ হাজার মানুষ সুস্থ হয়েছেন বলে খবর।

আরও অন্যান্য খবর