ব্যাঙ্কের ভল্ট ভেঙে এক কোটি টাকারও বেশি সোনা চুরি করে পালাল চোর। তবে ব্যাঙ্কে ঢোকার জন্য যে প্নথা অবলম্বন করা হয়েছিল, তা বেশ অভিনব। জানা গিয়েছে, মাটি খুঁড়ে ১০ ফুট লম্বা টানেল তৈরি করে ব্যাঙ্কের মধ্যে ঢোকে চোরের দল। ঘটনার পর তদন্তে নেমে এই টানেলটি উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভানুটি শাখায়।
পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্কের পাশের একটি ফাঁকা জমি থেকে চোরের দল ওই টানেলটি খোঁড়া শুরু করেছিল। ১০ ফুট লম্বা এবং চার ফুট চওড়া সুড়ঙ্গ করে তারা একেবারে ব্যাঙ্কের ভল্ট অবধি পৌঁছে গিয়েছিল। তবে সোনার গয়না ভর্তি ভল্টটি খুলতে পারলেও ব্যাঙ্কের ক্যাশবাক্স খুলতে পারেনি চোরের দল। মনে করা হচ্ছে, চুরির আগে বেশ কয়েকবার ওই ব্যাঙ্কে গিয়ে সমস্ত জায়গা খতিয়ে দেখে এসেছিল তারা।
এই চুরির ঘটনা জানাজানি হওয়ার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং ওই শাখার উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর সেই চুরি হওয়া সোনার গয়নার হিসাব করেন তারা। প্রায় দু’কেজির কাছাকাছি গয়না চুরি হয়েছে বলে জানা গিয়েছে। যার বাজারমূল্য এক কোটি টাকারও বেশি।
ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। তবে যেভাবে চুরি করা হয়েছে, তাতে অনুমান এই ঘটনার সঙ্গে ব্যাঙ্কের ভিতরের কেউ জড়িয়ে রয়েছেন। ইতিমধ্যেই ব্যাঙ্ক কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ভল্ট থেকে সকল চোরদের আঙুলের ছাপ নেওয়ার চেষ্টা চলছে। খুব তাড়াতাড়িই এই চুরির কিনারা হবে বলে আশাবাদী পুলিশ।





